সুন্দর নির্বাচনের লক্ষ্যে কাজ করছি, কোনো পক্ষপাতিত্ব করিনি : সিইসি

অনলাইন ডেস্ক

কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই নির্বাচন কমিশন (ইসি) আপিল শুনানি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, আমরা চাই সবার অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন হোক। এই লক্ষ্য থেকেই আমরা স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটার সমর্থনের বিষয়টিও শিথিল করেছি।

রবিবার নির্বাচন ভবনে আপিল শুনানি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সিইসি বলেন, অনেকেই হয়তো আমাদের সমালোচনা করতে পারেন। কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের বিষয়টি আমরা কীভাবে ছেড়ে দিয়েছি, তা আপনারা দেখেছেন। কারণ আমরা চাই নির্বাচনটি অংশগ্রহণমূলক হোক। আমার এবং আমার টিমের পক্ষ থেকে আশ্বস্ত করতে পারি—কোনো পক্ষপাতিত্ব করে আমরা কোনো জাজমেন্ট দেইনি। অনেক বিচার-বিবেচনা এবং মহান আল্লাহর ওপর ভরসা রেখে আমরা সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছি।

আপিল শুনানিতে প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আপনারা যেভাবে কোয়ারি করেছেন এবং জবাব দিয়েছেন, আমি দেখে অভিভূত। আপনাদের এই ধৈর্যশীল আচরণের জন্য ইসির পক্ষ থেকে মোবারকবাদ জানাই। আপনারা সকাল থেকে রাত পর্যন্ত ধৈর্য ধরে বসেছিলেন, অনেকে আমাদের আগেও এসেছেন। আপনাদের এই সহযোগিতার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights