সুপার ফোরে যেতে আফগানিস্তানকে ৩৭.১ ওভারে করতে হবে ২৯২
অনলাইন ডেস্ক
এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২৯২ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে এ রান তোলে দাসুন শানাকার দল। তবে এশিয়া কাপের সুপার ফোরে যেতে আফগানিস্তানকে এই রান টপকাতে হবে ৩৭.১ ওভারের মধ্যে।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নেয় শ্রীলঙ্কা। দুই ওপেনার পাথুম নিশাঙ্কা আর দিমুথ করুনারত্নে শুরুটা ভালোই করেন। ৬২ বলের উদ্বোধনী জুটিতে তারা তোলেন ৬৩ রান।
এরপর হঠাৎ ঝড় তোলেন আফগান পেসার গুলবাদিন নাইব। ৩৫ বলে ৩২ করা করুনারত্নেকে ফিরিয়ে জুটি ভাঙেন। ৪০ বলে ৪১ রানে ফেরেন নিশাঙ্কাও। এরপর সাদিরা সামারাবিক্রমাকে (৩) সাজঘরে ফিরিয়ে লঙ্কানদের বড় ধাক্কা দেন গুলবাদিন। ২৩ রানের মধ্যে ৩টি উইকেট হারায় লঙ্কানরা। পরে অবশ্য মেন্ডিসের ৯২ রানের ইনিংসে ভর করে ২৯২ রান তোলে শ্রীলঙ্কা।
সুপার ফোরে ওঠার পথে শ্রীলঙ্কা কিছুটা সুবিধাজনক অবস্থানে। তবে কাগজে কলমে আশা বেঁচে রয়েছে আফগানিস্তানেরও। শ্রীলঙ্কা দেওয়া লক্ষ্য আফগানিস্তানকে তাড়া করতে হবে ৩৭.১ ওভারের মধ্যে। তাহলেই তারা সুপার ফোরে উঠতে পারবে।
