সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক মমতাজ উদ্দিন কারাগারে

অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানার আজমপুরে আলমগীর হোসেনকে (৩৪) হত্যার অভিযোগে করা মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীকে (৬৮) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১১ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। মামলার মূলনথি মহানগর দায়রা জজ আদালতে থাকায় এদিন রিমান্ড শুনানি হয়নি। নথিপ্রাপ্তি সাপেক্ষে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে বলে বিচারক জানান।
এর আগে রবিবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উত্তরার বাসা থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

উল্লেখ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর উত্তরা পশ্চিম থানার আজমপুরে রাইদা পরিবহনের চালক আলমগীর হোসেন গুলিতে নিহত হন। এ ঘটনায় তার মা আলেয়া বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় গত ৬ অক্টোবর একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৮ জনকে আসামি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights