সেঞ্চুরি ছাড়াই ৪০০, ২৩৮ রানে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল ইংল্যান্ড

অনলাইন ডেস্ক

ওয়ানডে ক্রিকেটে এক ব্যতিক্রমী রেকর্ড গড়লো ইংল্যান্ড। সেঞ্চুরি না করেই দলীয় স্কোর ৪০০ ছুঁয়ে ফেললো ইংলিশরা। বার্মিংহ্যামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে তারা জয় পেয়েছে ২৩৮ রানের বিশাল ব্যবধানে।

স্থায়ী অধিনায়ক হিসেবে হ্যারি ব্রুকের নেতৃত্বে এটি তাঁর প্রথম ম্যাচ—আর শুরুটা হয়েছে দারুণভাবেই।

এজবাস্টনে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ। সিদ্ধান্তটি যে ভুল ছিল, ম্যাচ গড়াতেই তা স্পষ্ট হয়ে ওঠে।

ইংল্যান্ডের দুই ওপেনার জেমি স্মিথ ও বেন ডাকেট শুরুতেই টি-টোয়েন্টি মেজাজে খেলেন। মাত্র ৭ ওভারে ৬৪ রানের জুটি গড়েন তারা।
জেমি স্মিথ করেন ২৪ বলে ৩৭ রান আর বেন ডাকেট করেন ৪৮ বলে ৬০ রান। এরপর ৬৫ বলে ৫৭ রানের ইনিংস খেলেন জো রুট।
অধিনায়ক হ্যারি ব্রুকের ব্যাট থেকে আসে ৪৫ বলে ৫৮ রান এবং জস বাটলার করেন ৩২ বলে ৩৭।

তবে ইনিংসের শেষভাগে ঝড় তোলেন জ্যাকব বেথেল। মাত্র ৫৩ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, মারেন ৮টি চার ও ৫টি ছক্কা।
উইল জ্যাকস ২৪ বলে ৩৯ রান যোগ করেন। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৪০০ রান।

বিশেষ দৃষ্টিতে পড়ার মতো বিষয় হলো, এই ম্যাচে কেউই সেঞ্চুরি করতে পারেননি। অথচ দলীয় স্কোর গিয়ে দাঁড়ায় ৪০০! ওয়ানডে ইতিহাসে এটাই প্রথমবার।

জবাবে ব্যাট করতে নেমে ইংলিশ বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি ক্যারিবীয় ব্যাটাররা। মাত্র ২৬.২ ওভারে গুটিয়ে যায় পুরো দল—১৬২ রানে।
দলের হয়ে সর্বোচ্চ রান করেন জাইডেন সিলস (২৯), এরপর শাই হোপ ২৫ ও কিসি কার্টি ২২ রান করেন।

ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন সাকিব মাহমুদ ও জেমি ওভার্টন।
আদিল রশিদের শিকার দুটি উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights