সোনাদিয়া দ্বীপে ফিশিং ট্রলারে ফের ডাকাতির অভিযোগ
কুতুবদিয়া প্রতিনিধি
কুতুবদিয়ার ‘এফবি মায়ের দোয়া’ নামের একটি মাছ ধরার ট্রলারে ডাকাতির অভিযোগ উঠেছে। এতে ডাকাত দল মাছসহ ফিশিং ট্রলারের মালামাল লুট করেছে বলে অভিযোগ জেলেদের। একই সঙ্গে জেলেদের মারধর করে ফিশিং ট্রলারটি মহেশখালী উপজেলার প্যারাবনে রেখে পালিয়ে যায় ডাকাতেরা।
বুধবার দিবাগত রাত ৩ টায় মহেশখালীর সোনাদিয়া দ্বীপে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। পরে, বৃহস্পতিবার দিবাগত রাত ৪ টার দিকে উপজেলা মহেশখালীর প্যারাবন থেকে জেলেসহ ট্রলারটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন ট্রলার মালিক আনোয়ার হোসেন।
মাঝি মোক্তার আহমেদ বলেন, গত শুক্রবার ১৬ জন মাঝিমাল্লা নিয়ে কুতুবদিয়ার উত্তর ধূরুং ইউনিয়নের আকবর বলী ঘাট থেকে সাগরে মাছ শিকারে বের হয়। বুধবার দিবাগত রাতে সোনাদিয়া দ্বীপের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় অন্য একটি ট্রলার নিয়ে ২০ থেকে ২২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রসহ ট্রলারটিতে হামলা চালায়। পরে, তাদেরকে মারধর করে ট্রলারে থাকা মালামাল লুট করে মহেশখালীর প্যারাবনে রেখে পালিয়ে যায় ডাকাত সদস্যরা।
এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইসার হামিদ বলেন, ‘জেলেদের একটি ফিশিং ট্রলারে ডাকাতির ঘটনা শুনেছি। কিন্তু এখনও জেলেদের পক্ষ থেকে অভিযোগ করা হয়নি।’
এ ব্যাপারে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোইপ্রো মারমা বলেন, সাগরে ফিশিং ট্রলার ডাকাতির বিষয়ে তিনি অবগত ছিলেন না। তবে, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে বলে জানান তিনি।
