সোনার ট্রাক নিলেন এমপি রেজাউল

কুষ্টিয়া প্রতিনিধি

এবার উপহার হিসেবে সোনার ট্রাক ব্যাজ নিলেন কুষ্টিয়া-১ আসনে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী। মো. জনি নামে এক কর্মী রবিবার দৌলতপুরে তাঁর বাসায় গিয়ে সোনার ট্রাক ব্যাজটি এমপির গায়ে থাকা সোয়েটারে গেঁথে দেন। আর এ ছবি তুলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অন্য এক সমর্থক। এর আগে ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করে রেজাউল হক চৌধুরী সোনার নৌকা উপহার নিয়ে সমালোচিত হয়েছিলেন। রবিবার দৌলতপুরে এমপি রেজাউল হক চৌধুরীর বাসায় বেশ ঘটা করে সোনার ট্রাক ব্যাজ নিয়ে উপস্থিত হন হোগলবাড়িয়া ইউনিয়নের কর্মী মো. জনি আলী। এ সময় তার সঙ্গে ইউনিয়ন পর্যায়ের কিছু নেতা-কর্মী ছিলেন। জনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘কোনো স্বার্থ হাসিল বা অন্য কোনো উদ্দেশ্যে নয়, শুধু ভালোবেসে ব্যক্তিগতভাবে সোনার ট্রাকটি তৈরি করে দিয়েছি। এটি কুষ্টিয়া জেলার বাইরে থেকে ২১ ক্যারেটের সোনা দিয়ে বানানো।’ তবে কী পরিমাণ টাকা ব্যয় হয়েছে কিংবা কোথা থেকে বানানো সে বিষয়ে তথ্য দিতে রাজি হননি তিনি। তিনি বলেন, ‘খেলায় জিতে অনেকে আনন্দ উপভোগ করেন। আমার এ সোনার ট্রাক দেওয়া তেমনই।’

এমপি রেজাউল হক চৌধুরী সোনার ট্রাক উপহার নেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘বাসায় অসংখ্য লোক ফুল, ডায়েরি ও অন্যান্য উপহার নিয়ে এসেছেন। তার মধ্যে ট্রাকটি ছিল। এটি সোনার কি না পরে বুঝতে পেরেছি। তবে যে ছেলেটি দিয়েছে তাকে আমি চিনিও না, জানিও না।’ এদিকে ট্রাক উপহারের ছবি ফেসবুকে পোস্ট করে পরে প্রত্যাহারও করেছেন মো. আকরাম হোসেন নামে ট্রাক প্রতীকের এক সমর্থক। পোস্ট কেন প্রত্যাহার করেছেন- জানতে চাইলে তিনি বলেন, ‘এলাকার লোকজনের কথায় পোস্টটি ডিলিট করেছি। তারা বলেছেন এসব পোস্ট না করাই ভালো।’ এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় লাভ করেন রেজাউল হক চৌধুরী। সে বিজয়ের পরও সোনার নৌকা উপহার পেয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights