সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি: মম
অনলাইন ডেস্ক
হিংস্রতা আর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখতেছি! আল্লাহ সবাইকে সুরক্ষিত রাখুক।
বাস্তব অপরাধমূলক ঘটনা নিয়ে নির্মিত ভারতের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ক্রাইম পেট্রোল’এর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের বর্তমান পরিস্থিতির তুলনা টেনে প্রতীকী কটাক্ষ করেছেন এই অভিনেত্রী।
মম এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ফেসবুকে ঢোকার পর এসব ঘটনায় মন খারাপ হয়েছে। আমার তো আর কিছুই করার ক্ষমতা নেই। আমি তো সাধারণ একজন মানুষ। মানুষ তো কত দুঃখ-বেদনা লিখে রাখে, আমি ফেসবুকে সময়টা রাখলাম।
অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সমসাময়িক সামাজিক ও মানবিক ইস্যুতে নিজের মতামত তুলে ধরেন জাকিয়া বারী মম।
