সৌদি আরব সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যের চলমান সংকট এবং হরমুজ প্রণালিকে ঘিরে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকায় সৌদি আরব সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ।
দুই দিনের এই সরকারি সফরে তিনি সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদের সঙ্গে বৈঠক করবেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সফরে পাকিস্তান-সৌদি আরব দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার উপায় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি, হরমুজ প্রণালির উত্তেজনা এবং অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতেও দুই দেশের মধ্যে মতবিনিময় হবে।
এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌদি আরব যাচ্ছে। প্রতিনিধিদলে রয়েছেন- পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী, সেনাবাহিনী প্রধান, প্রতিরক্ষা বাহিনীর প্রধান এবং সরকারের আরও কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী ও কর্মকর্তা।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এবং হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সৃষ্ট অনিশ্চয়তার প্রেক্ষাপটে এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগও বাড়ছে।
এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে বলেন, মধ্যপ্রাচ্যের সংকট এবং হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে পাকিস্তান বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।
তিনি বলেন, “মধ্যপ্রাচ্যের সংকট এবং হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে আমরা অন্যান্য দেশের সঙ্গে এখনও সম্পৃক্ত রয়েছি। হরমুজ প্রণালি সংক্রান্ত বিষয়ে একটি সমন্বিত ও টেকসই সমাধান বের করতে আমাদের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”
কূটনৈতিক সূত্রগুলো মনে করছে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার মধ্যে পাকিস্তান সৌদি আরবের সঙ্গে সমন্বয় জোরদার করে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠার উদ্যোগে আরও সক্রিয় ভূমিকা রাখতে চাইছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং আঞ্চলিক কূটনৈতিক সমীকরণে ইসলামাবাদ ও রিয়াদের ঘনিষ্ঠ সহযোগিতা ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সূত্র: আল-জাজিরা
