সৌদি সফরে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা
সিরিয়ার নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা তার প্রথম বিদেশ সফরে সৌদি আরব পৌঁছেছেন। রবিবার তিনি রিয়াদে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সঙ্গে বৈঠক করেছেন। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) প্রকাশিত ছবিতে দেখা গেছে, এমবিএস আন্তরিকভাবে আল-শরাকে স্বাগত জানাচ্ছেন।
এর আগে, সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা এক্স (টুইটারের নতুন নাম) প্ল্যাটফর্মে একটি ছবি প্রকাশ করে। সেখানে দেখা যায়, প্রেসিডেন্ট আল-শরার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি সৌদি আরবের পথে রয়েছেন।
সিরিয়ার নতুন প্রশাসনের দায়িত্ব গ্রহণের পর গত মাসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আল-শাইবানি প্রথম বিদেশ সফরে সৌদি আরবে যান। দেশটির সরকারকে সহযোগিতা এবং মানবিক সহায়তা প্রদান নিয়ে তখন আলোচনা হয়।
সিরিয়ার ক্ষমতা গ্রহণের পরই আল-শরাকে অভিনন্দন জানান সৌদি বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স এমবিএস। তারা সিরিয়ার নতুন প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান গত মাসে দামেস্ক সফর করেন এবং আল-শরার সঙ্গে বৈঠক করেন। তিনি সিরিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিলের জন্য রিয়াদের প্রচেষ্টার কথা জানান।
আল-শরা গত ডিসেম্বর মাসে আল-আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সৌদি আরব সিরিয়ার ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সিরিয়ার অর্থনৈতিক পুনর্গঠনে পার্শ্ববর্তী দেশগুলোর জন্য বিনিয়োগের বড় সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন।
প্রসঙ্গত, আল-শরা জন্মগ্রহণ করেন সৌদি আরবে। তার বাবা কর্মসূত্রে সে সময় সৌদিতে ছিলেন, ফলে শৈশবের কিছু সময় তিনি সৌদিতে কাটান।
