সৌদিতে অপহরণ বাংলাদেশে মুক্তিপণ

নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবে অপহরণের শিকার হন মো. রাসেল নামে এক প্রবাসী বাংলাদেশি। তাঁকে ছাড়াতে দেশে তাঁর স্ত্রী ও শ্বশুরের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। দেশের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অপহরণকারী চক্রের সদস্যরা প্রায় ৩৫ লাখ টাকা হাতিয়ে নেয়। এরপর সৌদিতে মুক্ত হন অপহৃত ভুক্তভোগী রাসেল। এ ঘটনায় বুধবার মাগুরার শালিখা খোলাবাড়ী গ্রামের আবদুল গনি মোল্যার ছেলে জিয়াউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান। তিনি বলেন, অপহরণের শিকার ভুক্তভোগী রাসেল ২০ বছর ধরে সৌদি আরবে বসবাস করেন। চলতি বছরের ১২ জানুয়ারি সকালে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে তাঁকে সৌদি আরবের রিয়াদ শহর থেকে অপহরণ করে নিয়ে যান। পরে তারা রাসেলের বড় ভাই সাইফুল ইসলামের কাছে অজ্ঞাতনামা ইমো আইডি এবং ভিওআইপি কলের মাধ্যমে যোগাযোগ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে রাসেলকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। রাসেলের বড় ভাই সাইফুল ইসলামসহ অন্যরা উপায়ান্তর না পেয়ে অজ্ঞাতনামা আসামিদের ৩৫ লাখ টাকা মুক্তিপণ দেন। এরপর রাসেলকে রিয়াদ শহরের রাস্তার পাশে অচেতন অবস্থায় ফেলে যায় অপহরণকারীরা। এ ঘটনায় রাসেলের শ্বশুর গত ২১ জানুয়ারি বাদী হয়ে খিলগাঁও থানায় একটি মামলা করেন। সিআইডি জানায়, ব্যাংকের হিসাব নম্বরগুলোর তথ্যাদি পর্যালোচনা করে গ্রেপ্তার জিয়াউর ওই চক্রের একজন সক্রিয় সদস্য বলে তথ্য পাওয়া যায়। তিনি সৌদিতে অবস্থিত অজ্ঞাতনামা অপহরণকারীদের যোগসাজশে মুক্তিপণ থেকে ৫ লাখ টাকা কমিশন নেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। জিয়াউরসহ এ মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশে জিয়াউরকে গতকাল কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিআইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights