সৌদির সঙ্গে মিলিয়ে বুধবার ঈদুল আজহা উদযাপিত হবে চাঁদপুরের অর্ধশত গ্রামে
অনলাইন ডেস্ক
সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আজ মঙ্গলবার বিকেলে আগাম ঈদের এই তথ্য নিশ্চিত করেছেন সাদ্রা দরবার শরীফের পীরজাদা ড. মাওলানা বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী। ইতিমধ্যে দরবার শরীফসহ সংশ্লিষ্ট এলাকাগুলোতে ঈদের জামাত আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সাদ্রা দরবার শরীফের ঈদ জামাত কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মুসল্লিদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার সকাল সাড়ে আটটায় সাদ্রা দরবার শরীফ মাঠে ঈদের প্রথম প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন দরবারের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি। এরপর সকাল নয়টায় সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে, যেখানে ইমামতি করবেন দরবারের পীর মাওলানা আরিফ চৌধুরী। প্রতি বছরের মতো এবারও আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ এসব জামাতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
একইভাবে পার্শ্ববর্তী ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলার বেশ কয়েকটি গ্রামেও উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহা উদযাপিত হবে। ফরিদগঞ্জের সুবিদপুর ইউনিয়নের টোরামুন্সীরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া টোরা ঈদগাহ্ ও হাফেজিয়া মাদ্রাসা মাঠে সকাল সাড়ে আটটায় আরেকটি জামাত অনুষ্ঠিত হবে। অন্যদিকে মতলব উত্তর উপজেলার দেওয়ানকান্দি কেন্দ্রীয় জামে মসজিদে সকাল নয়টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এই উপজেলায় এবার মোট ছয়টি ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদকে কেন্দ্র করে কোরবানির পশু ক্রয়সহ সব আনুষঙ্গিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছেন স্থানীয় বাসিন্দারা।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবসহ অন্য আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের এই প্রথা চালু করেন। দীর্ঘ সময় ধরে তার অনুসারী মুসল্লীরা চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় একই দিনে ঈদ উদযাপন করে আসছেন। এবারও হাজীগঞ্জের সমেশপুর, অলিপুর, বলাখাল, ফরিদগঞ্জের লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, মতলব উপজেলার পাঁচানি, বাহেরচর, দেওয়ান কান্দি এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার বেশ কিছু গ্রামসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে আগামীকাল এই ধর্মীয় উৎসব উদযাপিত হতে যাচ্ছে।
