সৌন্দর্যবর্ধনের নামে ফিরছে বিলবোর্ড!

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নগরের বিভিন্ন এলাকায় সৌন্দর্যবর্ধনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়। সৌন্দর্যবর্ধন প্রকল্পের নামে বিভিন্ন মোড়, সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে বসানো হচ্ছে খুঁটি। তৈরি করা হচ্ছে বিলবোর্ড স্থাপনের অবকাঠামো।

নগরবাসীর অভিযোগ, সৌন্দর্যবর্ধনের নামে রাজনৈতিক ছত্রছায়ায় আবারও ফিরছে বিলবোর্ড। বিলবোর্ডের বিরুদ্ধে চসিক কঠোর থাকার কথা বললেও বাড়ছে বিলবোর্ডের সংখ্যা। শহরে বাড়ছে দৃশ্য দূষণ। এভাবে বিলবোর্ড বসলে নগরের শৃঙ্খলা থাকবে না। নগরে বাড়বে জঞ্জাল। বাসযোগ্যতা হারাবে নগরী। এর আগে ২০১৫ সালে সাঁড়াশি অভিযানের মাধ্যমে নগরের সব বৈধ-অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছিল।

জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি নগরের কাজীর দেউড়ি মোড়ের পশ্চিমে সার্কিট হাউসের সীমানা প্রাচীরের পাশ থেকে একটি বড় বিলবোর্ড অপসারণ করে চসিক। অভিযানে চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই উপস্থিত ছিলেন। কিন্তু এটির পূর্ব পাশে অ্যাপোলো শপিং কমপ্লেক্সের সামনে থাকা ডিজিটাল বিলবোর্ডটি অপসারণ করা হয়নি। এই ডিজিটাল বিলবোর্ড থেকে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের সময় একজন প্রার্থীর প্রচার চালানো হয়েছিল। ওই দিনের পর আরও একটি উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানের দিন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিলবোর্ডের অনুমোদন দেওয়া হয়নি। অবৈধ বিলবোর্ড অপসারণে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সব ধরনের বিলবোর্ড অপসারণ করা হবে। চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, নগরের কোথাও কাউকে কোনো ধরনের বিলবোর্ড স্থাপনের অনুমতি দেওয়া হয়নি। যেসব বিলবোর্ডের স্থাপনা তৈরি করা হয়েছে সব দ্রুত অপসারণ করতে বলা হয়েছে। ইতোমধ্যে চসিকের পক্ষ থেকে পৃথক দুটি অভিযানে মোট ছয়টি অবৈধ বিলবোর্ড উচ্ছেধ করা হয়েছে। বিলবোর্ডের বিষয়টি আমাদের কঠোর নজরদারিতে আছে। চোখে পড়লেই উচ্ছেদ করা হচ্ছে।

সরেজমিন দেখা যায়, নগরের কাজীর দেউড়ি, স্টেডিয়াম এলাকা, গোলপাহাড় মোড়, প্রবর্তক মোড়, লালখান বাজার, নিউমার্কেট, টাইগারপাস, জিইসি মোড়সহ বিভিন্ন স্থানে ডিজিটাল ও সাধারণ বিলবোর্ডের কাঠামো তৈরি করা হচ্ছে। লালখান বাজার ও গোলপাহাড় মোড়ের বিলবোর্ডের কয়েকটিতে বিজ্ঞাপন দেওয়ার জন্য প্রচার চালানো হচ্ছে। গোলপাহাড় মোড়ে একটি ডিজিটাল এবং আরেকটি সাধারণ বিলবোর্ডের অবকাঠামো বসানো হয়েছে। প্রবর্তক মোড়ে পুলিশ বক্সের সামনে ডিজিটাল বিলবোর্ড স্থাপন করা হয়েছে। নিউমার্কেট মোড়ে একটি বিপণিবিতানের ছাদে দুটি বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights