স্কুল থেকে ফেরার পথে ৯ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় নয় বছরের এক শিশুকে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় শিশুটির মা বাদী হয়ে হত্যা মামলা করেছেন।

জানা যায়, সোমবার স্থানীয় সোনালী শিশু বিদ্যানিকেতন কিন্ডারগার্টেন স্কুলের ৩য় শ্রেণিতে পড়ুয়া ওই শিশু বিদ্যালয় সকাল ১০টায় ছুটির পর আর বাড়িতে ফেরেনি। এতে ওই শিশুর মা কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় সন্তানের নিখোঁজ বিষয়ে একটি অভিযোগ দিতে যান। পরে দুপুর ৩টার দিকে শুনতে পান গলিয়ারা উত্তর ইউনিয়নের খেয়াইশ মসজিদের পাশে বাঁশ মুড়ার নিকটবর্তী ধানখেতে সন্তানের মৃতদেহ পড়ে আছে। পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়।

শিশুর মা রাজিয়া বলেন, আমাদের সাথে কারও শত্রুতাও নেই। কেনো আমার এই অবুঝ ছোট্ট শিশুটিকে হত্যা করতে হলো। আমি আমার সন্তানের হত্যাকারীদের ফাঁসি চাই।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর ভূঁইয়া বলেন, শিশুর মা অভিযোগ করতে আসার পর ঘটনার খবর পেয়ে আমিসহ আমার টিম ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights