স্টেডিয়ামে পানির বোতল নেওয়ার অনুমতি দিলো ফিফা

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের স্টেডিয়ামে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল বহনে আরোপিত নিষেধাজ্ঞা থেকে সরে এসেছে ফিফা। সমর্থক সংগঠন ও বিভিন্ন দেশের শীর্ষ রাজনীতিকদের তীব্র সমালোচনার পর সংস্থাটি দর্শকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ঘোষণায় ফিফা জানায়, যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ম্যাচগুলোতে দর্শকেরা সর্বোচ্চ ৫৯০ মিলিলিটার ধারণক্ষমতার একটি নরম প্লাস্টিকের, কারখানায় সিল করা একবার ব্যবহারযোগ্য পানির বোতল সঙ্গে নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। তবে এই নতুন নিয়মটি এখনও মেক্সিকোর ভেন্যুগুলোর জন্য প্রযোজ্য নয়।

নিরাপত্তাজনিত কারণে শক্ত প্লাস্টিক কিংবা ধাতব নির্মিত পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামে আনার অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

এর আগে ফিফার স্টেডিয়াম নীতিমালায় বলা হয়েছিল, দর্শকেরা এক লিটার পর্যন্ত ধারণক্ষমতার খালি, স্বচ্ছ ও পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল সঙ্গে নিতে পারবেন। কিন্তু গত মঙ্গলবার প্রকাশিত সংশোধিত নির্দেশিকায় পুনর্ব্যবহারযোগ্য বোতল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। তখন ফিফা যুক্তি দিয়েছিল, খেলোয়াড়, রেফারি, দর্শক, স্বেচ্ছাসেবক ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এই সিদ্ধান্ত ব্যাপক বিতর্কের জন্ম দেয়। কারণ বিশ্বকাপ আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর অনেক অঞ্চলে তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। এমন পরিস্থিতিতে পানির বোতল নিষিদ্ধ করাকে অযৌক্তিক বলে সমালোচনা করেন অনেকেই।

ইংল্যান্ডের সমর্থক সংগঠন ‘দ্য ফ্রি লায়ন্স’ অভিযোগ করে, এই সিদ্ধান্তের মাধ্যমে দর্শকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ তৈরি করা হচ্ছে। তাদের মতে, সমর্থকদের বড় একটি অংশ এমনটাই মনে করেছে।

উল্লেখ্য, বিশ্বকাপের স্টেডিয়ামগুলোতে পানি, কোমল পানীয় ও জুস সরবরাহের একচেটিয়া অধিকার রয়েছে ফিফার দীর্ঘদিনের অংশীদার কোকাকোলার।

সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights