স্ত্রী নির্যাতনের মামলায় জেলহাজতে ইবি শিক্ষক

ইবি প্রতিনিধি

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় জেলহাজতে পাঠানো হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. সঞ্জয় কুমার সরকারকে। তার স্ত্রী জয়া সাহার ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ) ও ৩০ ধারায় করা মামলার শুনানিতে জামিন না মঞ্জুর করে এ আদেশ দেন আদালত।

বৃহস্পতিবার নাটোর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আবদুর রহিম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের (বাদীপক্ষ) আইনজীবী আনিসুর রহমান।

মামলার এজাহারে বলা হয়েছে, আট বছর আগে সঞ্জয় ও জয়ার বিয়ে হয়। এসময় বাদীর (জয়া) কল্যাণের কথা চিন্তা করে তার বাবা নগদ ২৫ লাখ টাকা, ২০ ভরি স্বর্ণালংকার, টিভি, ফ্রিজসহ প্রয়োজনীয় যাবতীয় ফার্ণিচার দেন সঞ্জয়কে। তবে বিয়ের পর থেকেই তাদের উভয়ের মধ্যে মনোমালিন্যের কারণে জয়া সাহা বিভিন্ন সময় তার স্বামী সঞ্জয় সরকার দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন।
একইসঙ্গে জয়াকে যৌতুকের টাকার জন্য মারধর করতে শুরু করেন সঞ্জয়। গত বছরের জুনে আবারও ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। পরে জয়া টাকা আনতে অপারগতা জানালে তাকে ও তার সাড়ে চার বছরের শিশু সন্তানকে জোরপূর্বক শ্বশুরবাড়ি রেখে আসে সঞ্জয়। তারপর থেকে উভয়েই এক বছরের বেশি সময় আলাদা থাকছেন।

আইনজীবী শাহজাহান কবীর বলেন, ‘আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন। তার বিরুদ্ধে যে অভিযোগ আশা করি তিনি জামিন পাবেন। আমরা আগামী রবিবার তার জামিনের জন্য আবারও চেষ্টা করবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights