স্ত্রীকে নিয়ে বাবার বিরূপ মন্তব্যের জবাব দিলেন জাদেজা

অনলাইন ডেস্ক
ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা ও তার স্ত্রী রিভাবাকে নিয়ে পারিবারিক কলহের কথা সামনে আনলেন জাদেজার বাবা অনিরুদ্ধসিং জাদেজার। সম্প্রতি গুজরাটি সংবাদমাধ্যম ‘দিব্য ভাস্কর’–এ দেওয়া সাক্ষাৎকারে প্রথম বিষয়টি সামনে আনেন অনিরুদ্ধসিং। যা নিয়ে পরে ভারতের অন্যান্য সংবাদমাধ্যমও প্রতিবেদন করেছে। তাই মুখ খুলতে অনেকটা বাধ্যই হয়েছেন জাদেজা। ৩৫ বছর বয়সী এই তারকা তার বাবার সমালোচনা করে একটি পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে (এক্স)।

এর আগে সাক্ষাৎকারে অনিরুদ্ধসিং বলেন, ‘রবীন্দ্র এবং তার স্ত্রী রিভাবার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমরা তাদের কল (ফোন) দিই না, তারাও আমাদের কল (ফোন) দেয় না। তাদের বিয়ের দুই থেকে তিন মাস পরই সমস্যার সূত্রপাত। এখন আমি জামনগরে একাই থাকি। আর রবীন্দ্র আলাদা বাংলোয় থাকে। একই শহরে থাকলেও আমাদের দেখা হয় না। তার স্ত্রী তাকে কী জাদু করেছে আমি জানি না।’

তিনি আরও বলেন, ‘সে (জাদেজা) আমার ছেলে আর এ ব্যাপারটাই আমাকে পোড়ায়। এখন মনে হয় তাকে যদি বিয়ে না করাতাম! সে ক্রিকেটার না হলেও ভালো হতো। তাহলে এখন আর এসব সমস্যায় পড়তে হতো না।’
অনিরুদ্ধসিং এও দাবি করেন, ‘বিয়ের তিন মাসের মধ্যে সে (রিভাবা) আমাকে বলেছে, সবকিছু তার নামে লিখে দিতে হবে। এটা নিয়ে পরিবারে কলহ তৈরি করে সে। সে পরিবারের অংশ হতে চায়নি, স্বাধীন জীবন চেয়েছে। আমার কিংবা ন্যয়নাবার (জাদেজার বোন) ভুল হতে পারে কিন্তু আপনি বলুন তো, আমার পরিবারের ৫০ জন সদস্য কি একসঙ্গে ভুল করতে পারে? পরিবারের কারও সঙ্গে সম্পর্ক নেই শুধু ঘৃণা ছাড়া। আমি কোনো কিছু লুকাতে চাই না। গত পাঁচ বছর নিজের নাতনির মুখও দেখিনি।’

পরবর্তীতে সেই সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। যা দেখে নিজের এক্স অ্যাকাউন্টে জবাব দিয়েছেন জাদেজা। গুজরাটি ভাষায় তিনি লিখেছেন, ‘সাজানো সাক্ষাৎকারে কী বলা হলো, আসুন সেসব বর্জন করি। সন্দেহজনক সাক্ষাৎকারে যা কিছু বলা হয়েছে সেসব অর্থহীন এবং মিথ্যা। সেগুলো একপক্ষীয় মন্তব্য, যা আমি অস্বীকার করি। আমার স্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টাটা অনুচিৎ এবং নিন্দনীয়। আমারও অনেক কিছু বলার আছে কিন্তু সবার সামনে সেগুলো না বলাই ভালো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights