স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ইউনিসেফের ওয়াশ প্রধানের সৌজন্য সাক্ষাৎ
অনলাইন ডেস্ক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনিসেফের চিফ অব ওয়াশ (ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন) পিটার জর্জ এল মেস।
সোমবার সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের মধ্যকার পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে পানি, পয়ঃনিষ্কাশন, স্বাস্থ্যবিধি ও পল্লী উন্নয়ন খাতে চলমান কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়।
স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের পানি, পয়ঃনিষ্কাশন ও পল্লী উন্নয়ন খাতে ইউনিসেফের অতীত ও চলমান সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, দেশের পানি সংকট দিন দিন প্রকট হচ্ছে, বিশেষ করে রাজধানী ঢাকায়। এ সময় তিনি বুড়িগঙ্গা নদী, তুরাগ নদী ও শীতলক্ষ্যা নদীর পানি বিশুদ্ধকরণের ওপর গুরুত্বারোপ করেন।
মন্ত্রী আরও বলেন, দেশের একটি বড় জনগোষ্ঠী এখনো সুপেয় পানির সুবিধা থেকে বঞ্চিত। এ সমস্যা সমাধানে তিনি ইউনিসেফের সহযোগিতা কামনা করেন এবং সরকার ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
বৈঠকে ইউনিসেফ প্রতিনিধিদল বাংলাদেশের পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি উন্নয়নে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে। পাশাপাশি ভবিষ্যতেও বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় টেকসই ও কার্যকর সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ জানানো হয়।
সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মোঃ মাহমুদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
