স্পেনে আশ্রয় চাইতে গিয়ে গ্রেপ্তার সালভাদোরের ফটোসাংবাদিক

অনলাইন ডেস্ক

স্পেনে আশ্রয়ের আবেদন করতে গিয়ে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে এক সালভাদোরীয় ফটোসাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। সালভাদোরান প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, শুক্রবার (২ জানুয়ারি) স্পেনের সেভিল শহরে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া আলোকচিত্রী হলেন ২৫ বছর বয়সী দিয়েগো আন্দ্রেস রোসা রোসালেস। তিনি যখন সেভিলের একটি পুলিশ স্টেশনে আশ্রয়ের কাগজপত্র জমা দিচ্ছিলেন, তখন প্রেসিডেন্ট নাইব বুখেলের সরকারের অনুরোধে জারি করা ইন্টারপোলের একটি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয় বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে সংগঠনটি।

প্রেস অ্যাসোসিয়েশনের তথ্যমতে, গত ছয় মাসে অন্তত ৫০ জন সাংবাদিক গ্রেপ্তারের ভয়ে সালভাদোর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এদের অনেকেই প্রেসিডেন্ট বুখেলের সমালোচনা করেছিলেন। বুখেলে নিজেকে ‘বিশ্বের সবচেয়ে কুল স্বৈরশাসক’ বলে উল্লেখ করে থাকেন।

সংগঠনটি আরও জানায়, সালভাদোরে থাকাকালে দিয়েগো রোসা পুলিশি হয়রানি, হুমকি এবং ভিত্তিহীন ‘অপরাধী চক্রের সঙ্গে সম্পৃক্ততা’র অভিযোগের শিকার হন। এই অভিযোগটি মূলত বুখেলে সরকার কথিত গ্যাং সদস্যদের বিরুদ্ধে ব্যবহার করে থাকে, যার মাধ্যমে কোনো বিচার ছাড়াই হাজার হাজার মানুষকে কুখ্যাত কঠোর কারাগারে বন্দি করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) রোসাকে স্পেনের একটি আদালতে হাজির করা হবে। সেখানে তার বিরুদ্ধে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রেস অ্যাসোসিয়েশন জানায়, দিয়েগো রোসা সালভাদোরের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় গণমাধ্যমে কাজ করেছেন। পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান এবং স্পেনের প্রভাবশালী দৈনিক এল পাইসের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।

সালভাদোরে গ্যাং দমনে নেওয়া কঠোর অভিযানের কারণে প্রেসিডেন্ট বুখেলে দেশের ভেতরে ব্যাপক জনপ্রিয়। জরুরি আইন জারি করে তিনি পরোয়ানা ছাড়াই মানুষ গ্রেপ্তারের ক্ষমতা দিয়েছেন। তবে মানবাধিকারকর্মীরা অভিযোগ করছেন, একই আইন ব্যবহার করে সরকার এখন প্রেসিডেন্টের সমালোচকদেরও টার্গেট করছে।

সূত্র: দ্য হিন্দু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights