স্পেনের উদযাপনের সময় কেন পেছন ফিরে দাঁড়িয়েছিলেন আর্জেন্টাইনরা, জানালেন লিসান্দ্রো

অনলাইন ডেস্ক
বিশ্বকাপ ফাইনালে স্পেনের শিরোপা জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের আচরণ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, সে বিষয়ে অবশেষে মুখ খুলেছেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস। তার দাবি, স্পেনকে অসম্মান করার কোনো উদ্দেশ্য তাদের ছিল না; বরং গ্যালারিতে থাকা নিজেদের সমর্থকদের সম্মান জানাতেই তারা পেছন ফিরে দাঁড়িয়েছিলেন।

স্পেন ট্রফি উঁচিয়ে উদযাপন করার সময় আর্জেন্টিনার বেশির ভাগ ফুটবলারকে বিপরীত দিকে মুখ করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেক সাবেক ফুটবলার ও বিশ্লেষক এটিকে অসৌজন্যমূলক আচরণ হিসেবে সমালোচনা করেন।

তবে এক সাক্ষাৎকারে লিসান্দ্রো বলেন, ম্যাচ শেষে তারা স্পেনের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে হাত মিলিয়ে অভিনন্দন জানিয়েছেন। তাই স্পেনকে সম্মান দেখানো হয়নি এমন অভিযোগ সত্য নয়।

তিনি বলেন, যে মুহূর্তের ছবি নিয়ে এত আলোচনা হচ্ছে, ঠিক তখনই গ্যালারিতে থাকা আর্জেন্টিনার সমর্থকেরা তাদের উদ্দেশে গান গাইছিলেন। সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানাতেই তারা তাদের দিকে মুখ করে দাঁড়িয়েছিলেন।

লিসান্দ্রো আরও বলেন, পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনাকে অযথা ‘খলনায়ক’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। তার মতে, মাঠে দলের লড়াই এবং গ্যালারিতে সমর্থকদের আবেগের মধ্যেও অনেকেই ভিত্তিহীনভাবে আর্জেন্টিনাকে অহংকারী হিসেবে তুলে ধরছেন, যা দুঃখজনক।

উল্লেখ্য, স্পেনের ট্রফি উদযাপনের সময় আর্জেন্টিনা দলের অধিকাংশ খেলোয়াড় পেছন ফিরে থাকলেও স্ট্রাইকার ফ্লাকো লোপেস প্রতিপক্ষের উদযাপনের দিকে তাকিয়ে ছিলেন। প্রতিপক্ষের সাফল্যকে সম্মান জানানোয় সামাজিক মাধ্যমে প্রশংসাও পান তিনি।

বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার আক্রমণাত্মক খেলার ধরন নিয়ে সমালোচনা ছিল। ফাইনাল শেষে মাঠ ও ড্রেসিংরুম টানেলে দুই দলের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে উত্তেজনার ঘটনাও ঘটে। এ ঘটনায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আর্জেন্টিনা দলের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছে ফিফা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights