স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ৩ দিনের কর্মসূচি
অনলাইন ডেস্ক
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সভার পর এক সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এ কথা জানান।
কর্মসূচির মধ্যে রয়েছে ২৬ মার্চ ভোরে দলের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা এবং সেখানে পুস্পমাল্য অর্পণ, সাভার থেকে ঢাকায় ফিরে শেরে বাংলা নগর দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ।
স্বাধীনতা আগেরদিন (২৫ মার্চ) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা সমাবেশ এবং পরদিন (২৭ মার্চ) সকাল ১১টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করবে বিএনপি।
বিএনপির পক্ষ থেকে সারাদেশে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়নে পর্যায়ের সব কমিটি এবং দলের অঙ্গ সংগঠনগুলোকে স্বাধীনতা দিবসের কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। দিবসটি উপলক্ষে পোস্টার ও জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
এর আগে, হাফিজ উদ্দিন আহমেদ সভাপতিত্বে এবং সদস্য সচিব রুহুল কবির রিজভীর সঞ্চালনায় স্বাধীনতা দিবস উদযাপন কমিটি দলের অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক করে কর্মসূচি চূড়ান্ত করা হয়। সংবাদ সম্মেলনে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিলকিস জাহান শিরিন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
