স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে কলহ, দুই সন্তানকে হত্যার পর গৃহবধূর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক
ভারতের হায়দরাবাদে স্বামীর দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ২৯ বছর বয়সী এক গৃহবধূ। গত মঙ্গলবার শহরের কুকাটপল্লী এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন এস বানোথ শ্রাবন্তী এবং তার দুই ছেলে—১২ বছর বয়সী কার্তিক ও ১০ বছর বয়সী কৌশিক। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পারিবারিক অশান্তি সহ্য করতে না পেরে চরম এই সিদ্ধান্ত নিয়েছেন ওই নারী।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১৩ বছর আগে বিদা প্রবীণের সঙ্গে শ্রাবন্তীর বিয়ে হয়। তবে সম্প্রতি প্রবীণ অন্য এক নারীকে বিয়ে করার পর থেকেই দম্পতির মধ্যে নিয়মিত বিবাদ শুরু হয়। বিবাদের জেরে শ্রাবন্তী তার সন্তানদের নিয়ে সম্প্রতি ওয়ারঙ্গলে বাবার বাড়িতে চলে গিয়েছিলেন। কিন্তু পরিবারের মুরুব্বিদের মধ্যস্থতায় গত সোমবার রাতে তিনি স্বামীর সঙ্গে পুনরায় হায়দরাবাদের বাসায় ফিরে আসেন। পরদিন মঙ্গলবার দুপুরে প্রবীণ কাজ থেকে ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পান। প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তিনজনের নিথর দেহ পাওয়া যায়।

ঘটনাস্থলে পৌঁছানো পুলিশের ক্লুস টিম জানায়, শ্রাবন্তী ও তার দুই সন্তানকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন যে, শ্রাবন্তী নিজে আত্মহত্যার আগে সন্তানদের শ্বাসরোধ করে হত্যা করেছিলেন কি না।

বালানগর এসিপি পি নরেশ রেড্ডি জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

এদিকে ঘটনার গুরুত্ব বিবেচনায় কুকাটপল্লী ডিসিপি রীতি রাজ জানিয়েছেন, প্রবীণের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং ঘরোয়া কলহের বিষয়টি প্রাধান্য দিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights