স্মার্টফোন এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাণে দীর্ঘদিন ধরে জ্বালানিসাশ্রয়ী ও হালকা প্রযুক্তির ব্যাটারি তৈরির চেষ্টা

অনলাইন ডেস্ক

স্মার্টফোন এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাণে দীর্ঘদিন ধরে জ্বালানিসাশ্রয়ী ও হালকা প্রযুক্তির ব্যাটারি তৈরির চেষ্টা চলছিল। সেই চেষ্টার ফল হিসেবে সুইডেনের চালমারস ইউনিভার্সিটি অব টেকনোলজির বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন কার্বন ফাইবার দিয়ে তৈরি স্ট্রাকচারাল ব্যাটারি। এটি অ্যালুমিনিয়ামের মতো শক্তিশালী হলেও অনেক বেশি হালকা এবং সাশ্রয়ী। বিজ্ঞানীরা দাবি করেছেন, এই ব্যাটারি বাজারে এলে স্মার্টফোন, ল্যাপটপ এবং বৈদ্যুতিক যানবাহনের ওজন অর্ধেকে নেমে আসবে, যা প্রযুক্তি জগতে একটি বড় পরিবর্তন এনে দেবে।

চালমারস ইউনিভার্সিটির প্রধান গবেষক লেইফ এসপি জানিয়েছেন, কার্বন ফাইবার দিয়ে তৈরি এই ব্যাটারির সাহায্যে ক্রেডিট কার্ডের মতো পাতলা স্মার্টফোন তৈরি করা সম্ভব হবে। এর ফলে ফোন ও ল্যাপটপের ওজন হ্রাস পাবে, যা ব্যবহারকারীদের জন্য আরামদায়ক হবে। শুধু তাই নয়, বৈদ্যুতিক গাড়ি এবং মহাকাশ শিল্পেও এই ব্যাটারি দারুণ ভূমিকা রাখবে।

স্ট্রাকচারাল ব্যাটারি নামক এই ব্যাটারি শক্তিশালী এবং হালকা হওয়ার কারণে বিমানশিল্পসহ বিভিন্ন শিল্পে নতুন সুযোগ তৈরি করবে। এর ওজন কম হওয়ায় বৈদ্যুতিক যানবাহনের গতি ও কার্যকারিতা বাড়বে। এছাড়াও, বিশ্লেষকদের মতে, এই ব্যাটারি বৈদ্যুতিক গাড়ির ওজন কমিয়ে এবং এর পরিসর বাড়িয়ে পরিবেশবান্ধব বিকল্প হিসেবে ব্যবহারযোগ্য হতে পারে।
এই উদ্ভাবন নিয়ে সম্প্রতি অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস জার্নালে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। বিজ্ঞানী রিচা চৌধুরী বলেন, “আমরা কার্বন ফাইবার কম্পোজিট দিয়ে তৈরি এই ব্যাটারির কার্যকারিতা পরীক্ষা করছি। এটি বাণিজ্যিক ব্যবহারের জন্য যথেষ্ট শক্তিশালী এবং অ্যালুমিনিয়ামের মতো মজবুত।”

এই নতুন প্রজন্মের ব্যাটারিটি প্রযুক্তি এবং পরিবেশবান্ধব যানবাহন শিল্পের জন্য একটি যুগান্তকারী পরিবর্তন এনে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights