‘স্লিপি ডন’
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য ও প্রকাশ্য অনুষ্ঠানে তাঁর আচরণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের প্রথম এক বছরের কিছুটা বেশি সময়ে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা, দ্বিপক্ষীয় বৈঠক এবং জাতীয় গুরুত্বসম্পন্ন সামাজিক অনুষ্ঠানে অন্তত ২৩ বার ঘুমিয়ে পড়েছেন বলে দাবি করা হচ্ছে। আর এ নিয়ে সামাজিক মাধ্যমগুলোতে আবারও তাঁর ওপর সেঁটে গেছে পুরোনো ‘স্লিপি ডন’ তকমা।
২০২৫ সালে পর পর দুটি এমআরআই পরীক্ষার পর যখন তাঁর পায়ে রক্ত চলাচলের সমস্যা (ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি) ধরা পড়ে, তখন থেকেই তার শারীরিক সক্ষমতা নিয়ে এক ধরণের অনিশ্চয়তা শুরু হয়। তবে সাম্প্রতিক সময়ে একাধিক লাইভ অনুষ্ঠান চলাকালে চোখ বন্ধ করে থাকা কিংবা ঝিমুনির দৃশ্যগুলোই এ বিতর্ককে আরও উসকে দিয়েছে।
ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য থেকে শুরু করে সৌদি আরব সফর কিংবা মেমোরিয়াল ডে-র মতো গম্ভীর ও স্পর্শকাতর অনুষ্ঠান; সব জায়গায়ই বিভিন্ন সময় ট্রাম্পকে ক্লান্ত ও অসচেতন দেখা গেছে। এমনকি ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের দপ্তর থেকে শুরু করে সাধারণ নেটিজেনরা ইউএফসি ইভেন্ট, স্মল বিজনেস সামিট, এমনকি ওয়ার্ল্ড কাপ ফাইনালেও তাঁর ঘুমিয়ে পড়ার দৃশ্য নিয়ে তোপ দেগেছেন।
যদিও এসব অভিযোগের অনেকগুলোতেই হোয়াইট হাউসের পক্ষ থেকে সাফাই গেয়ে দাবি করা হয়েছে যে, প্রেসিডেন্ট ঘুমাচ্ছিলেন না বরং নিবিড়ভাবে বক্তব্য শুনছিলেন।
