হঠাৎ সচিবালয় ঘেরাও

জবি প্রতিবেদক
সচিবালয়ের মূল ফটকের সামনে রাস্তার এক পাশে অবস্থান নিয়ে গতকাল বিক্ষোভ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা -জয়ীতা রায়

পাঁচ দফা দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ে গণপদযাত্রা, স্মারকলিপি প্রদানের কর্মসূচিতে পুলিশি বাধায় সচিবালয় ঘেরাও করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের শান্ত করে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও দুজনশিক্ষার্থী প্রতিনিধির সঙ্গে চূড়ান্ত বৈঠক করে আজ রোডম্যাপ ঘোষণা করবেন শিক্ষা উপদেষ্টা। গতকাল বিকালে সচিবালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের ১২ সদস্য প্রতিনিধি দলের বৈঠক শেষে পাঁচ দফা আন্দোলনের সংগঠক কে এম রাকিব এসব কথা জানান।

রাকিব বলেন, আমাদের পাঁচ দফা দাবি আজ মেনে নেবে বলে জানিয়েছেন তারা। শিক্ষা উপদেষ্টা আজ আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং আমাদের প্রতিনিধির সঙ্গে বসে চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করবেন। একই সঙ্গে ইউজিসির পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন। এর আগে দুপুর সাড়ে ১২টা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবিসহ পাঁচ দফা ও ইউজিসির পাইলট প্রকল্পে অন্তর্ভুক্তি, বিশ্ববিদ্যালয় বাজেট বৃদ্ধির দাবিতে সচিবালয় ঘেরাও করে অবস্থান নেয় কয়েক হাজার শিক্ষার্থী। শিক্ষা ভবনের সামনের মোড় অবরোধ করে আন্দোলন করে শিক্ষার্থীরা। এ সময় ১২ সদস্যের একটি প্রতিনিধি দল দাবির স্মারকলিপি নিয়ে শিক্ষা সচিবের সঙ্গে দেখা করতে গেলে পুলিশের বাধা পেয়ে সচিবালয়ে অভিমুখে রওনা করেন তাঁরা। এরপর শিক্ষা সচিব দেখা না করায় সচিবালয় ঘেরাও করে কয়েক হাজার শিক্ষার্থী দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সচিবালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন। এদিকে উপদেষ্টা নাহিদ ইসলাম বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো হল নাই, আবাসন সমস্যা দীর্ঘদিনের আমরা সবাই জানি। আপনাদের সবগুলো দাবি যৌক্তিক এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি আপনাদের এই দাবির সঙ্গে একাত্মতা পোষণ করছি। উপদেষ্টা নাহিদ আরও বলেন, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ আমরা তিন কার্য দিবসের মধ্যে সেনাবাহিনীর নিকট হস্তান্তর করব। একই সঙ্গে ইউজিসির হিট প্রজেক্টের ব্যাপারে আজকেই কথা বলে সিদ্ধান্ত নেব। আপনারা আমাদের একটু সময় দেন। একদিনে তো হল করে দেওয়া সম্ভব নয় সুতরাং একটু সময় দেন। নাহিদ ইসলাম বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, এটা আমি শুনেছি। কাজটা তিনি ভালো করেননি। সচিব ও সংশ্লিষ্ট যারা শিক্ষার্থীদের অপমান করে ফিরিয়ে দিয়েছে এর জন্য সংশ্লিষ্টরা ক্ষমা চাইবে। এর আগে দুপুর পৌনে ১১টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত লাইব্রেরির সামনে থেকে তিন দফা দাবিতে গণপদ যাত্রা ও বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করেন।

শিক্ষার্থীদের পাঁচ দাবি : স্বৈরাচার আমলে নিয়োগপ্রাপ্ত প্রজেক্ট ডিরেক্টরকে আইনের আওতায় আনতে হবে এবং সাত দিনের মধ্যে সেনাবাহিনীর দক্ষ অফিসারদের হাতে এ দায়িত্ব অর্পণ করতে হবে; শিক্ষা মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করতে হবে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর হয়েছে; অবিলম্বে বাকি ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং পুরাতন ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার সরকারের আমলের সব চুক্তি বাতিল করতে হবে; সম্প্রতি ইউজিসির ঘোষণাকৃত পাইলট প্রকল্পে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করতে হবে; বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেট সর্বনিম্ন ৫০০ কোটি টাকা বরাদ্দ দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights