হত্যা মামলার আসামি সীমান্তে আটক সেই যুগ্ম সচিব

অনলাইন ডেস্ক

অবৈধভাবে ভারতে পালাতে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আটক ওএসডি থাকা যুগ্ম সচিব এ.কে.এম.জি কিবরিয়া মজুমদারের বিরুদ্ধে হত্যা ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল হক কবির জানান, আটক যুগ্ম সচিবের বিরুদ্ধে পল্টন থানায় হত্যা ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এ মামলায় তিনি পলাতক আসামি ছিলেন। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, শনিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে কিবরিয়া মজুমদারকে আটক করেন বিজিবি সদস্যরা।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার।

তিনি জানান, সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধীন সালদানদী বিওপির দল টহল দিচ্ছিল। এ সময় আন্তর্জাতিক সীমারেখা সীমান্ত পিলার ২০৫০/৮-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটিয়া নামক স্থানে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করতে ঘোরাফেরা করছিলেন কিবরিয়া মজুমদার। তখন তাকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর অধীনে যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন কিবরিয়া মজুমদার। বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে সংশ্লিষ্টতার পরিপ্রেক্ষিতে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় আসেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights