হরমুজ প্রণালি নিয়ে যা বললেন সেন্টকমের কমান্ডার

অনলাইন ডেস্ক

মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালিকে উন্মুক্ত ও নিরাপদ রাখতে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার। তিনি দাবি করেন, গত কয়েক মাসে হরমুজ প্রণালি দিয়ে এক বিলিয়নের বেশি ব্যারেল অপরিশোধিত তেল পরিবহনে মার্কিন বাহিনী সহায়তা করেছে।

তিনি বলেন, “হাজার হাজার জাহাজ সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। উপসাগরীয় অংশীদারদের কাছ থেকে এক বিলিয়নের বেশি ব্যারেল তেল এই পথ দিয়ে গেছে। তবে আমাদের কঠোর অবস্থানের কারণে ইরান কোনো তেল রপ্তানি করতে পারেনি।”

শনিবার সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।

কুপার বলেন, সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ইতোমধ্যে দুই হাজারের বেশি বাণিজ্যিক জাহাজ এই গুরুত্বপূর্ণ প্রণালি অতিক্রম করেছে। তার ভাষায়, “এটি একটি উল্লেখযোগ্য অর্জন, এবং এই গতি ক্রমেই বাড়ছে।”

তিনি বলেন, গত দুই সপ্তাহে তেল ও পণ্য পরিবহন গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

কুপার বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলের মিত্রদের সঙ্গে মিলে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার জন্য কাজ করছে।

সেন্টকমের কমান্ডার বলেন, ড্রোনের বিরুদ্ধে পাল্টা আক্রমণ পরিচালনার জন্য আমরা একটি নতুন যৌথ ইউনিট গঠনের কাজ করছি।

সূত্র: দ্য হিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights