হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
আন্তর্জাতিক ডেস্ক
ওমান উপসাগর ও হরমুজ প্রণালির নিকটবর্তী জলসীমায় কনটেইনার জাহাজে হামলার খবরের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি আলোচনার পথ প্রশস্ত করতে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।
আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুডের দাম আজ প্রায় ০.৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯.২ ডলারে দাঁড়িয়েছে, যা দিনের শুরুতে একপর্যায়ে ১০০ ডলার স্পর্শ করেছিল। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দামও সমপরিমাণ বেড়ে ব্যারেলপ্রতি ৯০.৩ ডলারে উন্নীত হয়েছে।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও) জানিয়েছে, আজ হরমুজ প্রণালির কাছে দুটি কনটেইনার জাহাজ লক্ষ্য করে গুলি চালানো হয়। সংস্থাটি এর মধ্যে একটি হামলার জন্য সরাসরি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) দায়ী করেছে। তবে উভয় জাহাজের নাবিক ও ক্রুরা নিরাপদে আছেন বলে জানানো হয়েছে।
হামলার খবর ছড়িয়ে পড়ার আগে ট্রাম্পের যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তে বাজারে ইতিবাচক প্রভাব লক্ষ করা গিয়েছিল, যদিও ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ এখনো বলবৎ রয়েছে। বিনিয়োগ ব্যাংক জেফরিসের প্রধান ইউরোপীয় অর্থনীতিবিদ মোহিত কুমার এক নোটে জানিয়েছেন, একটি চুক্তিতে পৌঁছানো উভয়পক্ষের জন্যই লাভজনক। তবে তার মতে, যুদ্ধপূর্বাবস্থায় তেলের দাম ফিরে যাওয়ার সম্ভাবনা কম এবং আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে এটি ব্যারেলপ্রতি ৭৫-৮০ ডলারে স্থিতিশীল হতে পারে।
এদিকে, তেলের বাজারের অস্থিরতার মাঝে শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। এশিয়ার বাজারে দক্ষিণ কোরিয়ার কসপি, জাপানের নিক্কেই এবং চীনের সাংহাই কম্পোজিট সূচক সামান্য ইতিবাচক অবস্থায় শেষ করলেও হংকংয়ের হ্যাং সেং সূচক ১.২ শতাংশ কমেছে। ইউরোপের বাজারগুলো প্রায় অপরিবর্তিত থাকলেও যুক্তরাষ্ট্রের বাজার ঊর্ধ্বমুখী হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
হারগ্রিভস ল্যান্সডাউনের প্রধান বিনিয়োগ কৌশলবিদ এমা ওয়াল পরিস্থিতি বিশ্লেষণ করে বলেছেন, বাজার বর্তমানে একদিকে যুদ্ধবিরতির ইতিবাচক খবর এবং অন্যদিকে শান্তি আলোচনায় স্থবিরতা ও হরমুজ প্রণালি বন্ধ থাকার মতো নেতিবাচক খবরের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে।
সূত্র: সিএনএন
