হরমুজ প্রণালিতে নৌ-চলাচল সুরক্ষার প্রতিশ্রুতি ওমানের
অনলাইন ডেস্ক
হরমুজ প্রণালি দিয়ে নৌ-চলাচল অব্যাহতভাবে সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছে ওমান। একইসঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রকে তাদের বিরোধ দীর্ঘস্থায়ী রাজনৈতিক সমাধানের মাধ্যমে মীমাংসার আহ্বান জানিয়েছে দেশটি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি এসব কথা বলেন। খবর আনাদোলু এজেন্সির।
আল-বুসাইদি বলেন, চলতি বছরের শুরুতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর যে সংঘাত সৃষ্টি হয়েছে, তা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে। একইসঙ্গে এর প্রভাব পড়েছে হরমুজ প্রণালির নৌ-চলাচল ও বাণিজ্যের ওপর।
তিনি বলেন, নৌ-চলাচলে এই বিঘ্নতা জ্বালানি নিরাপত্তা, পণ্যের মূল্য এবং আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন (UNCLOS) অনুযায়ী হরমুজ প্রণালিতে নৌ-চলাচল সুরক্ষায় তার দেশ প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে মাস্কাটের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানান, যাতে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে নৌযান চলাচল নিশ্চিত করা যায় এবং এর ওপর নির্ভরশীল দেশগুলোর স্বার্থও সম্মান করা হয়।
তেহরান ও ওয়াশিংটনের প্রতি অমীমাংসিত বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়ে আল-বুসাইদি বলেন, দুই পক্ষের এমন রাজনৈতিক বোঝাপড়ার দিকে এগোনো উচিত, যা চলমান সংকট থেকে উত্তরণের একটি দীর্ঘস্থায়ী পথ তৈরি করতে পারে।
এ ছাড়া প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় গৃহীত পদক্ষেপের প্রতি সংহতি প্রকাশ করেন তিনি।
ইয়েমেন প্রসঙ্গে ওমানের পররাষ্ট্রমন্ত্রী দেশটির ঐক্য, স্থিতিশীলতা ও আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখে—এমন একটি রাজনৈতিক সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি ইয়েমেনের সার্বভৌমত্ব এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে এর সম্পর্ক সুরক্ষিত রাখে—এমন একটি চুক্তির লক্ষ্যে কাজ করার আহ্বান জানান তিনি।
