হরমুজ প্রণালিতে ‘শত্রু জাহাজ’ প্রবেশে বাধা দিল ইরান
অনলাইন ডেস্ক
হরমুজ প্রণালিতে মার্কিন ও ইসরায়েলি ডেস্ট্রয়ারের প্রবেশের চেষ্টা নস্যাৎ করে দিয়েছে ইরান। সোমবার এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানিয়েছে, নৌবাহিনীর পক্ষ থেকে অত্যন্ত কঠোর ও তাৎক্ষণিক সতর্কবার্তা জারির পর ‘শত্রুভাবাপন্ন’ ওই যুদ্ধজাহাজগুলো পিছু হটতে বাধ্য হয়।
এর আগে, গত রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, হরমুজ প্রণালিতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে মুক্ত করতে সোমবার থেকে যুক্তরাষ্ট্র এক বিশেষ অভিযান শুরু করবে। ‘প্রজেক্ট ফ্রিডম’ নামক এই অভিযানের মাধ্যমে ইরানের অবরোধ ভেঙে ফেলার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। একই সুরে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, প্রণালি দিয়ে ফ্রিতে যাতায়াত করতে চাওয়া জাহাজগুলোকে তারা নিরাপত্তা দেবে।
তবে মার্কিন এই হুমকির মুখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো বিদেশি সামরিক শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালির আশেপাশে আসার বা প্রবেশের চেষ্টা করে, তবে তাদের ওপর সরাসরি হামলা চালানো হবে। তিনি বাণিজ্যিক ও তেলবাহী জাহাজগুলোকে ইরানি সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয় না করে ওই এলাকায় চলাচল না করার পরামর্শ দিয়েছেন।
সূত্র: তাসনিম
