হাইতি ম্যাচের আগে ব্রাজিলের দানিলোর কড়া আত্মসমালোচনা

অনলাইন ডেস্ক

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের নখদন্তহীন পারফরম্যান্স নিয়ে ফুটবল বিশ্বে আলোচনা যেন থামছেই না। গত রবিবার আফ্রিকার দলটির বিপক্ষে ১-১ গোলে ড্র করে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে মাঠের সেই হতশ্রী পারফরম্যান্স নিয়ে এবার প্রকাশ্যেই আত্মসমালোচনা করেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো। আগামী শনিবার হাইতির মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে তিনি অকপটে স্বীকার করেছেন, প্রথম ম্যাচে তাদের খেলা দলের সামর্থ্য ও প্রত্যাশার ধারেকাছেও ছিল না।

মরক্কোর বিপক্ষে ম্যাচটিতে শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়েছিল লাতিন আমেরিকার পরাশক্তিরা। ম্যাচের ২১তম মিনিটে প্রতি আক্রমণে মরক্কোকে এগিয়ে নেন ইসমায়েল সাইবারি। অবশ্য ভিনিসিউস জুনিয়রের নৈপুণ্যে দ্রুতই সমতায় ফেরে ব্রাজিল। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে দুই দলের খেলার গতি একেবারেই কমে যায় এবং গোল হজম না করার দিকেই বেশি মনোযোগী ছিল তারা। শক্তি, সামর্থ্য ও ফুটবল ঐতিহ্যে এগিয়ে থেকেও মরক্কোর বিপক্ষে ব্রাজিলের এমন উত্তাপহীন ফুটবল সমর্থকদের দারুণ হতাশ করেছে।

গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামা দানিলো মনে করেন, সামনে এগিয়ে যাওয়ার আগে নিজেদের দুর্বলতাগুলো চিহ্নিত করা জরুরি। বাস্তবতার মুখোমুখি হয়ে এবং নিরপেক্ষভাবে সবকিছুর চুলচেরা বিশ্লেষণ করেই ভুল শুধরানো সম্ভব বলে মন্তব্য করেন তিনি। দানিলো স্পষ্ট ভাষায় বলেন, প্রথম ম্যাচের প্রথমার্ধে তারা নিজেদের চেনা ছন্দের আশেপাশেও ছিলেন না এবং ব্রাজিল দলের কাছ থেকে যে মানের খেলা সবাই আশা করে, তা দিতে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights