হাজীগঞ্জে ৪ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে জরিমানা, ২টি সিলগালা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে নিবন্ধন না থাকা এবং ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে চারটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা এবং দুটি প্রতিষ্ঠানকে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৪ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান এই অভিযান পরিচালনা করেন।

প্রশাসনের পক্ষ থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মা জেনারেল হাসপাতালকে ৫ হাজার টাকা, শাহজাহান মেমোরিয়াল অ্যান্ড ট্রমা সেন্টারকে ৩০ হাজার টাকা, এবং পপুলার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও নিবন্ধন না থাকায় ফাতেহা ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করে সিলগালা করা হয় এবং সূর্যের আলো ক্লিনিককেও সিলগালা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান, স্বাস্থ্য পরিদর্শক মো. জসিম উদ্দিন এবং হাজীগঞ্জ থানা পুলিশের সদস্যরা।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান বলেন, “স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights