হাতিয়ায় যুবকের মরদেহ উদ্ধার
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী হাতিয়া উপজেলা থেকে মো. সাকিব উদ্দিন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার রাতে উপজেলার জাহাজমারা ইউনিয়নের পূর্ব বিরবিরি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। সাকিব ওই এলাকার আবদুল হকের ছেলে। তিনি কলেজশিক্ষার্থী ছিলেন।
প্রাথমিকভাবে জানা গেছে, বিদেশে যাওয়ার কথা বলে পরিবারের কাছে ১০ লাখ টাকা চেয়েছিলেন সাকিব। টাকা না দেওয়ায় পরিবার সদস্যদের ওপর অভিমান করে ফেসবুকে পোস্ট দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
