হাতীবান্ধায় ওসির সঙ্গে আওয়ামী লীগ নেতাদের ‘গোপন বৈঠক’, তদন্ত কমিটি গঠন

লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহর বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার সকালে লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার সাহাদাত হোসেন সুমাকে প্রধান করে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান পুলিশ সুপার আসাদুজ্জামান।

এর আগে, বৃহস্পতিবার মধ্যরাতে ওই উপজেলার সির্ন্দুনা এলাকায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমজাদ হোসেন তাজুর বাসায় আওয়ামীলীগ নেতাদের সঙ্গে হাতীবান্ধা থানার ওসির গোপন বৈঠকের অভিযোগ উঠে। তবে বৈঠক নয়, একটি দাওয়াতের অনুষ্ঠান ছিল বলে স্বীকার করেছেন আমজাদ হোসেন তাজুর পরিবার ও এক পুলিশ কর্মকর্তা।

জানা গেছে, লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ডামি প্রার্থী ছিলেন আমজাদ হোসেন তাজু। তিনি একাধিক মামলার আসামি এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার রাতে তার বাসায় দাওয়াতের আড়ালে আওয়ামী লীগের নেতাদের একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উপজেলা আওয়ামী লীগের অন্তত ছয়জন নেতা উপস্থিত ছিলেন। এতে হাতীবান্ধা থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ যোগ দেন বলেও অভিযোগ উঠেছে। বৈঠক শেষে দাওয়াত অনুষ্ঠানে অংশ নেন তিনি। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন জড়ো হতে শুরু করে। পরিস্থিতি আঁচ করতে পেরে দ্রুত ওই বাসা ত্যাগ করেন ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ।

অপর একটি সূত্র জানায়, ওই বৈঠকে হাতীবান্ধার বাসিন্দা হলেও জেলার বাইরে কর্মরত প্রশাসনের একাধিক কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

এদিকে আমজাদ হোসেন তাজুর স্ত্রী শাপলা আক্তার দাবি করেন, এটি কোনো বৈঠক নয়; বাসায় একটি পারিবারিক অনুষ্ঠান ছিল এবং সেই দাওয়াতেই ওসি এসেছিলেন।

অন্যদিকে শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে হাতীবান্ধা থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ দাবি করেন, তিনি ওই আওয়ামী লীগ নেতার বাসায় যাননি।

লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন বলেন, ওই বাসায় দাওয়াত খেতে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গিয়েছিলেন। তার সঙ্গে দেখা করতেই ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ সেখানে যান।

লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগ নেতার বাসায় ওসির বৈঠকের অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights