হাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি

দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের-২০২৪ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা শনিবার থেকে শুরু হয়েছে। গুচ্ছভুক্ত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে স্নাতক পর্যায়ের প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা।

শনিবার দুপুর ১২টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। হাবিপ্রবি কেন্দ্রে উক্ত ইউনিটে মোট পরীক্ষার্থী ছিলেন ৬ হাজার ৬১৬ জন। একই দিন আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা বিকেল ৩.৩০ থেকে ৪.৩০ পর্যন্ত অনুষ্ঠিত হয়।

পরীক্ষা শুরুর পর হাবিপ্রবির বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।
পরিদর্শন শেষে ভাইস-চ্যান্সেলর বলেন, হাজী মোহাম্মদ দানেশবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে শনিবার পরীক্ষায় উপস্থিতির হার শতকরা প্রায় ৯৩.২২ভাগ। গুচ্ছ পদ্ধতির কারণে শিক্ষার্থী ও অভিভাবকরা অবর্ণনীয় দুর্ভোগ থেকে রেহাই পেয়েছেন। পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মেডিকেল কলেজ, ফায়ার সার্ভিসসহ স্থানীয় প্রশাসন আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছে।

তিনি বলেন, চলমান তাপ প্রবাহসহ যে কোন জরুরী স্বাস্থ্যগত পরিস্থিতি মোকাবেলায় হাবিপ্রবি মেডিকেল সেন্টার ও অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয় এবং প্রতিটি কেন্দ্রে একজন ডাক্তারসহ ফাস্ট এইড মেডিসিনের ব্যবস্থা এবং আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের বিশ্রাম নেয়ার জন্য প্রতিটি একাডেমিক ভবনের সামনে বসার ও সুপেয় পানির ব্যবস্থাও ছিল, এছাড়াও পরীক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা, ওয়াস রুম, অসুস্থ/পঙ্গু/প্রতিবন্ধী পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেয়ার ব্যবস্থাসহ বিভিন্ন সেবাম‚লক উদ্যোগ গ্রহণ করা হয়। সামনের অন্যান্য পরীক্ষাগুলোতেও এ ধরণের ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, আগামী ৩ মে ‘বি’ ইউনিট ও ১০ মে ‘সি’ ইউনিটের পরীক্ষা (সকাল ১১ টাহতে দুপুর ১২ টা) অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights