হাবিপ্রবিতে জুলাই শহীদ দিবস পালিত
দিনাজপুর প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবসটি উপলক্ষে র্যালি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, উপাচার্যের বাণী পাঠ এবং শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনাম উল্যার নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র্যালি প্রশাসনিক ভবনের সামনে থেকে বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
পরে উপাচার্য শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান, প্রক্টর অধ্যাপক ড. মো. নওশের ওয়ান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসান।
এরপর জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ, ইউট্যাব, জিয়া পরিষদ, সাদা দল এবং জাতীয়তাবাদী ছাত্রদল হাবিপ্রবি শাখার নেতারা পৃথকভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, পরিচালক, হল সুপার, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনাম উল্যার বাণী পাঠ করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার সহকারী পরিচালক অধ্যাপক ড. মো. নিজামউদ্দীন।
