হামলার প্রতিবাদে ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব পাকিস্তানের

অনলাইন ডেস্ক

পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ভারত-পাকিস্তান। ভারতের মঙ্গলবার দিবাগত রাতের হামলার প্রতিবাদে দেশটির চার্জ ডি’ অ্যাফেয়ার্স গীতিকা শ্রীবাস্তবকে তলব করেছে পাকিস্তান। তাকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে (মোফা) ডেকে এনে কড়া ভাষায় ভারতীয় হামলার প্রতিবাদ জানানো হয়েছে। বুধবার এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ডন।

বুধবার মোফার এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান, আজাদ জম্মু ও কাশ্মীরের বিভিন্ন স্থানে ভারতের অপ্রত্যাশিত আক্রমণের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানাতে দূতকে ডাকা হয়েছে। তাকে জানানো হয়েছে, ভারতের এই নির্লজ্জ আগ্রাসন পাকিস্তানের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, এই আক্রমণ জাতিসংঘের সনদ, আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠিত নীতিমালার লঙ্ঘন।

আরও বলেছে, ভারত এই শত্রুভাবাপন্ন আচরণের বৈধতা দিতে যে ভিত্তিহীন যুক্তি উপস্থাপন করেছে পাকিস্তান তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। ভারতীয় পক্ষকে সতর্ক করা হয়েছে; এই ধরনের বেপরোয়া আচরণ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে।

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বুধবার ভোররাতে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ভারতীয় সামরিক সূত্র জানিয়েছে, দেশটির তিন বাহিনী- স্থল, নৌ ও বিমানবাহিনী সমন্বিতভাবে এ অপারেশন চালিয়েছে। পাকিস্তানে এই অপারেশনের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights