হারের হতাশা নাকি রাগ, আর্জেন্টিনার পারেদেস যা করলেন দেখে হতবাক ফুটবল বিশ্ব

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর মাঠেই বিতর্কে জড়িয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। শেষ বাঁশি বাজার পর স্পেনের দুই ফুটবলার এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে লাল কার্ডও দেখেছেন তিনি। ঘটনাটি নিয়ে ফুটবল বিশ্বে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

ম্যাচ শেষ হওয়ার পর যখন স্পেনের ফুটবলাররা শিরোপা উদযাপনে ব্যস্ত, তখন এরিক গার্সিয়ার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন পারেদেস। একপর্যায়ে তিনি গার্সিয়াকে ঘুষি মারেন বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম।

পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন স্পেনের মিডফিল্ডার গাভি। তবে উত্তেজনা আরও বেড়ে যায়। এ সময় আর্জেন্টিনার থিয়াগো আলমাদা গাভিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এরপর পারেদেস গাভির মুখেও আঘাত করেন। আঘাতে গাভি মাঠে পড়ে যান।

ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তিনি পারেদেসকে সরিয়ে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে প্রধান রেফারি পারেদেসকে লাল কার্ড দেখান।

কী কারণে পারেদেস এতটা ক্ষুব্ধ হয়ে ওঠেন, সে বিষয়ে আর্জেন্টিনা দলের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। ম্যাচ শেষে কোচ স্কালোনি ছাড়া দলের অন্য কেউ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

ঘটনার পর আর্জেন্টাইন ফুটবলারদের আচরণের সমালোচনা করেছেন সাবেক ইংলিশ ডিফেন্ডার গ্যারি নেভিল। তিনি বলেন, আর্জেন্টিনার লড়াকু মানসিকতা তার ভালো লাগে, তবে সাম্প্রতিক কয়েকটি ম্যাচে তাদের আচরণ হতাশাজনক।

বিবিসিতে সাবেক স্ট্রাইকার অ্যালান শিয়ারার বলেন, পারেদেস একজনের মুখে দুই থেকে তিনবার আঘাত করেছেন। ফুটবলে এ ধরনের আচরণের কোনো জায়গা নেই। হার মেনে নেওয়ারও একটি উপায় থাকে।

সাবেক ইংল্যান্ড গোলরক্ষক জো হার্টও আর্জেন্টাইন ফুটবলারদের আচরণের সমালোচনা করেন। তার মতে, ম্যাচ শেষে লিওনেল মেসিই ছিলেন একমাত্র ফুটবলার, যিনি প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে স্বাভাবিকভাবে হাত মিলিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights