হাসিনাকে ফেরত দিয়ে ন্যায়ের পক্ষে থাকবে ভারত, আশা টবি ক্যাডম্যানের
অনলাইন ডেস্ক
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে ভারত ন্যায়বিচারের পক্ষে থাকবে বলে আশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান।
আজ সোমবার দুপুরে ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের কাছে এমন আশার কথা প্রকাশ করেন তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন প্রসিকিউটর। ওই আবেদন শুনানি নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর তদন্ত সংস্থাকে তদন্তের সম্পূর্ণ প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয় আদালত।
এদিকে, ঢাকা শহরের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় আট জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এ কথা জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
তিনি বলেন, আজকে আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। যাদের মধ্যে ছয়জন হচ্ছেন পুলিশ। বাকি দুই জন হচ্ছেন আওয়ামী লীগ নেতা। তাদের বিরুদ্ধে আমাদের তদন্ত সংস্থা সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছেন।
তাজুল ইসলাম বলেম, আজকে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, তারা প্রত্যেকের বিরুদ্ধে ঢাকা শহরের সবচেয়ে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পরেই তদন্ত সংস্থা তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়েছেন। চারটি পিটিশনে আলাদা আলাদাভাবে মোট আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
