হিটস্ট্রোকে গৃহবধূর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের ফটিকছড়িতে ‘হিট স্ট্রোকে’ সীমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ধর্মপুর ইউনিয়নের সোবহান বাপের বাড়িতে এ ঘটনা ঘটে। সীমা আক্তার প্রবাসী মো. মনছুরের স্ত্রী ও দুই সন্তানের জননী।
ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুল হক বলেন, তীব্র গরমে এক গৃহবধূ মৃত্যু হওয়ার খবর পেয়েছি। তিনি প্রবাসী মনছুরের স্ত্রী ও দুই সন্তানের জননী।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে এগারোটার দিকে রান্না ঘরে কাজ করছিলেন ওই গৃহবধূ। কাজ করতে করতে গরমে তিনি হাঁপিয়ে উঠেন। অস্থির লাগছে বলতে বলতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। গরম সইতে না পেরে ‘হিট স্ট্রোকে’ মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
