হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন শেহবাজ শরিফ

অনলাইন ডেস্ক
(বাঁ থেকে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও দেশটির উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার। ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বেঠক করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল সাড়ে চারটায় ওভাল অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে কারা কারা অংশ নেবেন, তা রিপোর্ট লেখা পর্যন্ত স্পষ্টভাবে জানানো না হলেও পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনীর উপস্থিত থাকতে পারেন বলে নিরাপত্তা সূত্রে ইঙ্গিত মিলেছে। তবে তার উপস্থিতি রিপোর্ট লেখা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

প্রধানমন্ত্রী শাহবাজ বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন। তিনি বৃহস্পতিবার বিকালেই ওয়াশিংটনের উদ্দেশে রওনা দেবেন। বৈঠক শেষে তিনি আবার নিউ ইয়র্কে ফিরে গিয়ে ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন।

বৈঠকের নির্দিষ্ট এজেন্ডা প্রকাশ না করা হলেও ধারণা করা হচ্ছে, এটি সম্প্রতি হোয়াইট হাউসে অনুষ্ঠিত গাজা সংকট নিয়ে মুসলিম দেশের নেতাদের বৈঠকের ধারাবাহিকতা। সেই বৈঠকে পাকিস্তান ছাড়াও তুরস্ক, কাতার, সৌদি আরব, ইন্দোনেশিয়া, মিসর, ইউএই এবং জর্ডানের নেতারা অংশ নিয়েছিলেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক সাম্প্রতিক মাসগুলোতে ঘনিষ্ঠ হয়েছে।

তবে ভারতের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক বিভিন্ন কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে— বিশেষ করে ভিসা সমস্যা, ভারতের পণ্যের ওপর উচ্চ শুল্ক এবং মে মাসে ট্রাম্পের দাবি করা ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির মধ্যস্থতাকে কেন্দ্র করে।

একই সময়ে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে ৩১ জুলাই একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে মার্কিন পক্ষ থেকে ১৯ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে। তবে ভারতের সঙ্গে এখনও ট্রাম্প কোনও বাণিজ্য চুক্তি করতে পারেননি।

এর আগে ফেব্রুয়ারিতে সেনাপ্রধান আসিম মুনীর এককভাবে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে বৈঠক করেন। এটি ছিল প্রথমবারের মতো কোনও পাকিস্তানি সেনা প্রধানের সরাসরি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ—যেখানে কোনও উচ্চপর্যায়ের বেসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন না।

বিশ্লেষকদের মতে, এই বৈঠকগুলো প্রমাণ করছে ওয়াশিংটন ইসলামাবাদকে আবার কৌশলগতভাবে মূল্যায়ন করছে এবং দক্ষিণ এশিয়ায় নতুন ভারসাম্য তৈরির চেষ্টা করছে। সূত্র: জিও নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights