হ্যারি কেইনের হ্যাটট্রিকে বড় জয়ে মৌসুম শুরু বায়ার্নের

অনলাইন ডেস্ক
জার্মান লিগ বুন্দেসলিগার শিরোপা রক্ষার মিশনে দারুণ শুরু করেছে বায়ার্ন মিউনিখ। মৌসুমের প্রথম ম্যাচেই ইংলিশ তারকা হ্যারি কেইনের হ্যাট্রটিকে আরবি লাইপজিগকে উড়িয়ে দিয়েছে বায়ার্ন।

শনিবার রাতে আরবি লাইপজিগ ৬-০ গোলে উড়িয়ে দেয়ার ম্যাচে দু’টি গোল করেন মাইকেল ওলিসে ও একটি গোল করেন লুইস দিয়াজ।

ম্যাচের ২৭ মিনিটে ওলিসে প্রথম গোল করে বায়ার্নকে এগিয়ে দেন। মাত্র পাঁচ মিনিট পর দিয়াজের দুর্দান্ত শটে আবারও গোলের উল্লাসে মাতে স্বাগতিকরা। সার্জে জিনাব্রির হিল পাস থেকে বল পেয়ে ক্রসবার ছুঁয়ে জালে জড়িয়ে যায় দিয়াজের শট।

৩৪ মিনিটে আবারও গোল করেন ওলিসে। জিনাব্রি দুই ডিফেন্ডারকে কাটিয়ে চমৎকার অ্যাসিস্ট করলে ফরাসি ফরোয়ার্ড সহজেই গোল আদায় করেন। ৩-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ভিনসেন্ট কোম্পানির দল।

বিরতির পর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে লাইপজিগ। আন্তোনিও নুসার একটি শট অল্পের জন্য বাইরে যায়, এমনকি তার এক গোল বাতিলও হয়। তবে এতে উল্টো আরও ক্ষিপ্ত হয়ে ওঠে বায়ার্ন।

৬৪ মিনিটে দিয়াজের পাস থেকে প্রথম গোল করেন কেইন। এরপর ৭৪ মিনিটে আবারও দিয়াজের অ্যাসিস্টে গোল করেন ইংল্যান্ড অধিনায়ক। মাত্র চার মিনিট পর নিজের হ্যাটট্রিক পূর্ণ করে স্কোরলাইন দাঁড় করান ৬-০ তে।

শেষ পর্যন্ত হ্যারি কেইনের হ্যাটট্রিক, ওলিসের জোড়া গোল ও দিয়াজের দুর্দান্ত অভিষেক গোল-অ্যাসিস্টে লিগ শুরুর ম্যাচেই প্রতিপক্ষকে উড়িয়ে দিল বায়ার্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights