‘হ্যারি পটার’ সিরিজে গিলডেরয় লকহার্ট চরিত্রে কিট হারিংটন

অনলাইন ডেস্ক

এইচবিওর বহুল আলোচিত ‘হ্যারি পটার’ টিভি সিরিজে যুক্ত হয়েছেন ‘গেম অব থ্রোনস’খ্যাত ব্রিটিশ অভিনেতা কিট হারিংটন। সিরিজটির দ্বিতীয় সিজনে তাকে হগওয়ার্টস স্কুলের আত্মপ্রেমী শিক্ষক ও লেখক গিলডেরয় লকহার্ট চরিত্রে দেখা যাবে। সম্প্রতি এইচবিওর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রাথমিকভাবে গিলডেরয় লকহার্ট চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন অভিনেতা নিকোলাস হোল্ট। তবে শুটিংয়ের সময়সূচি নিয়ে জটিলতার কারণে শেষ পর্যন্ত তিনি প্রকল্পটি থেকে সরে দাঁড়ান। এরপর তাঁর স্থলাভিষিক্ত হন কিট হারিংটন।

‘গেম অব থ্রোনস’-এ জন স্নো চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি পাওয়া কিট হারিংটনের জন্য এটি হবে এইচবিওর সঙ্গে তৃতীয় কাজ। এর আগে তিনি এইচবিওর জনপ্রিয় অর্থনৈতিক-ড্রামা সিরিজ ‘ইনডাস্ট্রি’তেও অভিনয় করেছেন।

‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্চাইজিতেও অবশ্য হারিংটনের অভিজ্ঞতা রয়েছে। গত বছর প্রকাশিত অডিবলের ‘হ্যারি পটার: দ্য ফুল-কাস্ট অডিও এডিশন’-এ গিলডেরয় লকহার্ট চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন তিনি।

জে কে রাওলিংয়ের বিখ্যাত বই ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ অবলম্বনে নির্মিত সিরিজটির প্রথম সিজন এ বছরের বড়দিনে এইচবিও ম্যাক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে। দ্বিতীয় সিজন তৈরি হবে সিরিজের দ্বিতীয় বই ‘দ্য চেম্বার অব সিক্রেটস’ অবলম্বনে। এর শুটিং এ শরতেই শুরু হওয়ার কথা।

নতুন এই ধারাবাহিকে হ্যারি পটার চরিত্রে দেখা যাবে উদীয়মান অভিনেতা ডমিনিক ম্যাকলাফলিনকে। তার দুই ঘনিষ্ঠ বন্ধু রন উইজলি ও হারমায়োনি গ্রেঞ্জার চরিত্রে অভিনয় করবেন অ্যালাস্টেয়ার স্টাউট ও অ্যারাবেলা স্ট্যান্টন।

এ ছাড়া হগওয়ার্টসের প্রধান শিক্ষক আলবাস ডাম্বলডোর চরিত্রে থাকছেন অস্কার মনোনীত অভিনেতা জন লিথগো। রুবিউস হ্যাগ্রিড চরিত্রে অভিনয় করছেন নিক ফ্রস্ট।

এইচবিও জানিয়েছে, জে কে রাওলিংয়ের মূল সাতটি বই অবলম্বনে আগামী ১০ বছরে মোট সাতটি সিজনে সিরিজটি নির্মাণের পরিকল্পনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights