১০ ট্রাক অস্ত্র মামলা : মুক্ত হলেন হাফিজ-এনাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পেয়েছেন আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলার দুই আসামি। তারা হলেন, জাতীয় পার্টির সাবেক নেতা হাফিজুর রহমান হাফিজ ও চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) কে এম এনামুল হক। তারমধ্যে হাফিজ কারামুক্ত হয়েছেন ১৯ বছর পর।

আজ বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তারা।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদুল হাসান জুয়েল বলেন, দশ ট্রাক অস্ত্র মামলায় খালাস পাওয়া হাফিজুর রহমান ও এনামুল হক মুক্তি পেয়েছেন। হাফিজুর রহমানের সাজার মেয়াদ কমানোর কাগজপত্র দেখে তার মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইভাবে ১০ ট্রাক অস্ত্র মামলার আরেক আসামি কে এম এনামুল হক উচ্চ আদালত থেকে তার খালাসপ্রাপ্তির রায় বুধবার রাতে আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা সব যাচাই করে এবং সকল প্রক্রিয়া সম্পন্ন করার পর তিনি বের হয়েছেন।

২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের কর্ণফুলী নদীর সিইউএফএল ঘাট থেকে দশ ট্রাক অস্ত্রের একটি চালান আটক হয়েছিল। এ ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র আইনে এবং চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা হয়েছিল। ২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত দুটি মামলার রায় ঘোষণা করেন। এর মধ্যে অস্ত্র চোরাচালান মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী (অন্য মামলায় ফাঁসি কার্যকর), সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতীয় সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং দুটি গোয়েন্দা সংস্থা ও সার কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৪ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়। অস্ত্র আইনের মামলায় তাদের সবাইকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights