১২ ঘন্টার ব্যবধানে নড়াইলে দু’জন খুন\ আহত ৩০\২০টি বাড়ি ভাংচুর-আগুন\ ২০ জন গ্রেফতার

নড়াইল প্রতিনিধি
নড়াইলে ১২ ঘন্টার ব্যবধানে কালিয়া ও নড়াইল শহরে দু’জন খুন হয়েছেন। এ ঘটনায় ৩০ জন আহত হয়েছেন এবং কয়েকটি বাড়ি ভাংচুর-লুটপাটের ঘটনা ঘটেছে।
নড়াইলের কালিয়ার কাঞ্চনপুরে আধিপত্য বিস্তারের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়। শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত ফরিদ মোল্যা (৫৭) রাত ৯ টার দিকে মারা যান। হত্যা পরবর্তীতে প্রতিপক্ষের কমপক্ষে ২০টি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর,অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। ওই রাতেই পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে সংঘর্ষের সাথে জড়িত স্থানীয় উভয় পক্ষের ২০ জনকে গ্রেপ্তার করেছে। এসময় বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন – আমিরুল ইসলাম, আতিকুর রহমান, হাচিবুর রহমান, মোরসালিন, হাসেম মোল্যা, মনি মিয়া, মুজাহিদুল, সিরাজ মোল্যা , দিকু শেখ, জাফর মোল্যা, শাহাদাত হোসেন, মুন্নু শেখ, শাহাজান, ইউসুফ, নয়ন মোল্যা, আব্দুল মান্নান, জমির মল্লিক, দিদার মোল্যা, মনিরুল ইসলাম এবং আমিরন হোসাইন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঞ্চনপুর গ্রামের মিলন মোল্যা ও আফতাব মোল্যা পক্ষের মধ্যে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে মিলন মোল্যার পক্ষের সানোয়ার মোল্যাকে আফতাব মোল্যার লোকজন মারপিট করে। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মিলন মোল্যা পক্ষের লোকেরা আফতাব মোল্যার বাড়িতে হামলা করলে উভয় পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।
ফরিদ মোল্যা নিহতের খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা রাতেই বাবরা-হাচলা ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক পিকুল, কাক্কা মিয়া, সাহেব মোল্যা, বুলু ফকির, খালিদ শেখ, রঙ্গু শেখ, শামরুল মলি­ক, আকার মলি­ক, মোস্তাক মোল্যা, শহিদ শেখসহ ২০টি বাড়ি-দোকান ভাংচুর-লুটপাট ও আগুন দেয়।
এ বিষয়ে কালিয়া থানার ওসি মোঃ রাশিদুল ইসলাম বলেন, ফরিদ মোল্যার মৃত্যুর ঘটনায় তাৎক্ষনিকভাবে কয়েকটি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটলেও নতুন করে যাতে প্রতিপেক্ষর বাড়ি ভাংচুরসহ সহিংসতা যাতে না ঘটে সে চেষ্টা করছি। রাতে বিশৃংখলার অভিযোগে অভিযানে চালিয়ে ২০ জনকে দেশীয় অস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।
এদিকে নড়াইল এক্সপ্রেস পরিবহনের সুপারভাইজার মোশারফ মুন্সি মুসাকে (৪৫) ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ এপ্রিল) সকালে নড়াইলের নতুন বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। নিহত মুসা সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর এলাকার শামসুর রহমান মুন্সীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৬ টার দিকে গাড়ির সুপারভাইজার মুসা নতুন বাস টার্মিনালে বসে ছিলেন। এ সময় কয়েক দুর্বৃত্ত এসে তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম বলেন,‘নতুন বাস টার্মিনালে অফিসের মধ্যে একজনকে ছুরিকাঘাতে হত্যার কথা স্বীকার করে বলেন, স্থানীয়রা আমাদের এ ঘটনার খবর দিয়েছে পৌনে ৯টার দিকে। কি কারণে তাকে মারা হয়েছে তা জানা যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে মর্গে নেয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ###
নড়াইল – ১২.০৪.২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights