১৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের নাফ নদ থেকে তিনটি নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছেন মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। গতকাল সকালে শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাদের ধরে নেওয়া হয়।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন মোস্তাফিজুর রহমান, ফরিদ হোসেন, রবিউল হাসান, কালাম, হোসেন আম্মদ, মীর কাশেম আলী, গিয়াস উদ্দিন, সালাউদ্দিন, মহিউদ্দিন, মলা কালু মিয়া, আবু তাহের, আবদুল খালেক ও জাবের মিয়া। তাদের বাড়ি শাহপরীর দ্বীপ এলাকার বিভিন্ন গ্রামে।
শাহপরীর দ্বীপের বাসিন্দা ইবনে আমিন বলেন, তিনটি নৌকার ১৩ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। সেখানে আমাদের পরিবারের সদস্যও রয়েছেন। এ ঘটনায় ধরে নিয়ে যাওয়া জেলেদের পরিবারে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় ইউপি সদস্য আবদুস সালাম বলেন, ঘটনটি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। সীমান্তে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করে জেলেদের ফেরত আনার চেষ্টা করা হবে।
