১৪ জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা, পাঁচ দিনজুড়ে বৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক

দেশজুড়ে আষাঢ়ের টানা বৃষ্টির মধ্যে আগামী কয়েক দিনও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে শনিবার (১১ জুলাই) সকাল পর্যন্ত দেশের ১৪ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার রাত ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, দিনাজপুর, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।

এদিকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। টানা বর্ষণের কারণে ইতোমধ্যে দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় এবং সেখানে বায়ুচাপের তারতম্য বেশি থাকায় বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ বজায় রয়েছে। এ ছাড়া উত্তরপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকার লঘুচাপ ক্রমশ দুর্বল হলেও এর প্রভাব এখনো বিরাজ করছে।

শনিবার ও রোববার (১১–১২ জুলাই) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (১৩ জুলাই) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ও কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (১৪ জুলাই) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এদিন দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (১৫ জুলাই) ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ও কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সাতক্ষীরায়। এ ছাড়া যশোরে ১৯৯, চুয়াডাঙ্গায় ১৭৫, খুলনায় ১৩০, চট্টগ্রামে ১১৯, বান্দরবানে ১০৫, বরিশালে ৯১ এবং নোয়াখালীর হাতিয়ায় ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights