১৮ ছক্কা হাঁকিয়ে ২৭ বলে সেঞ্চুরি, ভাঙল একাধিক রেকর্ড

অনলাইন ডেস্ক

একদিনে দুই ম্যাচ। প্রথমটিতে ‘গোল্ডেন ডাক’ এর তেতো স্বাদ পেলেন সাহিল চৌহান। পরের ম্যাচে ব্যাট হাতে তিনি চালালেন তাণ্ডব। বিস্ফোরক এক ইনিংসে ভেঙে দিলেন একাধিক রেকর্ড।

সাইপ্রাসের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সোমবার (১৭ জুন) রান তাড়ায় ৪১ বলে ১৪৪ রানের অপরাজিত ইনিংস খেলে এস্তোনিয়াকে জেতান সাহিল। তার ৩৫১.২১ স্ট্রাইক রেটের ইনিংসে ১৮টি ছক্কার পাশে চার ৬টি। ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ২৭ বলে! স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি এটিই।

আগের রেকর্ড ছিল ক্রিস গেইলের। ২০১৩ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৬৬ বলে অপরাজিত ১৭৫ রানের ইনিংসের পথে ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন ক্যারিবিয়ান তারকা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইয়ান নিকোল লফটি-ইটনের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড টিকল না চার মাসও। গত ফেব্রুয়ারির শেষ দিকে নেপালের বিপক্ষে কীর্তিপুরে ৩৩ বলে সেঞ্চুরি করেছিলেন নামিবিয়ার এই ব্যাটসম্যান।

সাহিলের ১৮ ছক্কা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ। ২০১৯ সালে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের হাযরাতউল্লাহ জাজাইয়ের ১৬ ছক্কা ছিল আগের রেকর্ড।

স্বীকৃত টি-টোয়েন্টিতেও এক ইনিংসে সাহিলের চেয়ে বেশি ছক্কা মারতে পারেননি আর কেউ। এখানে তিনি গেইলের রেকর্ডে ভাগ বসিয়েছেন। ২০১৭ বিপিএলের ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে রংপুর রাইডার্সের হয়ে ৬৯ বলে ১৪৬ রানের অপরাজিত ইনিংসে ১৮ ছক্কা মেরেছিলেন গেইল।

প্রথম ম্যাচে সাহিল শূন্য রানে ফিরলেও ১৯৬ রানের লক্ষ্য তাড়ায় এস্তোনিয়া ৫ উইকেটে জিতে যায় ৩ বল বাকি থাকতে। দ্বিতীয় ম্যাচে তাদের লক্ষ্য ছিল ১৯২ রানের। প্রথম ৮ বলের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে ফেলে এস্তোনিয়া। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে মুখোমুখি প্রথম তিনটি বৈধ ডেলিভারিতে ছক্কা, চার ও ছক্কা মেরে ডানা মেলে দেন সাহিল।

তার ওই ঝড় আর থামেনি। পঞ্চম ওভারে টানা চার বলে মারেন তিনটি চার ও একটি ছক্কা, ষষ্ঠ ওভারের শেষ পাঁচ বলে চারটি ছক্কার সঙ্গে চার মারেন একটি। ফিফটি পূর্ণ করেন ১৪ বলে। নবম ওভারে ৯৯ থেকে ছক্কা মেরেই ২৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তার খুনে ব্যাটিংয়ে এস্তোনিয়া এবার ৬ উইকেটের জয় পায় ৪২ বল বাকি থাকতে। তার ১৪৪ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ ২১ রানে অপরাজিত থাকেন বিলাল মাসুদ।

এদিনের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাহিলের অভিজ্ঞতা ছিল স্রেফ দুই ম্যাচের। গত বছরের সেপ্টেম্বরে অভিষেকে ৬ বলে ২ ছক্কায় করেন অপরাজিত ১৬ রান। পরের ম্যাচে অপরাজিত ছিলেন ২ রানে। এবার চতুর্থ ম্যাচেই পেয়ে গেলেন প্রথম সেঞ্চুরির স্বাদ, যা ঝড় তুলল রেকর্ড বইয়েও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights