২ সূর্যাস্ত, ১ উল্কাবৃষ্টি দেখার অপেক্ষায় স্পেনের ছোট্ট গ্রাম
অনলাইন ডেস্ক
স্পেনের আভেয়ানোসা দে মুনো গ্রাম। মাত্র ১০ জন মানুষের বাস এই নিভৃত এলাকায়। কিন্তু আগামী ১২ আগস্ট এটিই হয়ে উঠবে গোটা ইউরোপের আগ্রহের কেন্দ্রবিন্দু। কারণ, এদিন সেখানে ঘটবে শতাব্দীর বিরল এক মহাজাগতিক ঘটনা; এক রাতেই দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ও চোখধাঁধানো উল্কাবৃষ্টি!
স্পেনের মূল ভূখণ্ডে ১৯১২ সালের পর এবং ইউরোপে ১৯৯৯ সালের পর এটিই প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সূর্যাস্তের ঠিক আগে এই গ্রহণ হবে বলে দর্শনার্থীরা ‘দ্বৈত অন্ধকার’ বা দুই সূর্যাস্তের বিরল অভিজ্ঞতা পাবেন।
চাঁদ সূর্যকে ঢেকে দিলে দিনের আলো নিভে যাবে। একটু পরই আলো ফিরে আসবে এবং প্রাকৃতিকভাবে সূর্য অস্ত যাবে। কয়েক মিনিটের ব্যবধানে দুইবার অন্ধকার নামবে। এরপর রাতেই আকাশে দেখা যাবে বার্ষিক পারসিড উল্কাবৃষ্টির চূড়ান্ত চমক।
বুরগোস প্রদেশের এই গ্রাম গ্রহণের ঠিক কেন্দ্রপথে থাকায় আকাশ দেখার সেরা জায়গা এটি। এখানকার গমখেত, পাহাড়ের খোলা প্রান্তর ও কৃত্রিম আলোহীন পরিবেশ পর্যটকদের দারুণভাবে টানছে। গ্রামে বড় হোটেল বা রেস্তোরাঁ না থাকলেও ভিড় এড়াতে এখানেই ছুটে আসছেন জ্যোতির্বিজ্ঞানীরা। পুরো অঞ্চলের আবাসন অনেক আগেই বুক হয়ে গেছে। কাছের ঐতিহাসিক হোটেল ‘প্যারাডর দে লেরমা’ ২০২২ সাল থেকেই সম্পূর্ণ বুকড।
এক রাতের অভাবনীয় দৃশ্য দেখতে গ্রামের সাবেক বাসিন্দারাও ফিরছেন। স্থানীয় সারা আলভারেজ রদ্রিগেজ নিখুঁত দৃশ্য উপভোগের জন্য কাছের পাহাড়ি গুহায় যাওয়ার পরামর্শ দিয়েছেন।
