২০০ কেজির বিরল বোল মাছ, আড়াই লাখ টাকায় বিক্রি

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২০০ কেজি ওজনের একটি বিরল প্রজাতির বোল মাছ। পরে মাছটি দুই লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

বৃহস্পতিবার সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় কায়ছার উদ্দিনের ট্রলারে জেলেদের জালে বিশাল আকৃতির মাছটি ধরা পড়ে।

জেলে মুজিবুর রহমান জানান, সাগরে মাছ ধরার সময় হঠাৎ জালে ভারী কিছু আটকে যায়। পরে জাল টেনে তুললে দেখা যায় বড় আকৃতির একটি বোল মাছ ধরা পড়েছে। মাছটির ওজন প্রায় ২০০ কেজি। এত বড় বোল মাছ ধরা পড়ার ঘটনা খুব একটা দেখা যায় না বলেও জানান তিনি।

তিনি আরও জানান, মাছটি স্থানীয় এক ব্যবসায়ীর কাছে দুই লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। পরে এটি টেকনাফ বাজারে নিয়ে গিয়ে কেটে খুচরা বিক্রি করা হবে।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, শীত মৌসুমে সেন্টমার্টিন ও টেকনাফ উপকূলবর্তী বঙ্গোপসাগরে মাঝে মধ্যে বড় আকারের বোল মাছ ধরা পড়ে। তবে ২০০ কেজি ওজনের মাছ ধরা পড়ার ঘটনা খুবই বিরল।

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাজকিরা বলেন, স্থানীয়ভাবে ‘বোল’ মাছ (রাইমাস বোলা) বঙ্গোপসাগরের একটি মূল্যবান ও তুলনামূলক বিরল প্রজাতির সামুদ্রিক মাছ। সাধারণত এ প্রজাতির মাছের ওজন ৫ থেকে ১৫ কেজির মধ্যে হয়ে থাকে। তবে কখনো কখনো ১০০ থেকে ২০০ কেজি বা তারও বেশি ওজনের বড় বোল মাছও ধরা পড়ে।

তিনি জানান, বোল মাছের মাংস অত্যন্ত সুস্বাদু হওয়ায় বাজারে এর চাহিদা বেশি। বড় আকারের বোল মাছ হলে এর দামও তুলনামূলক বেশি পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights