২০২৫ সালে পাকিস্তানে সন্ত্রাসবাদ বেড়েছে ৩৪ শতাংশ

অনলাইন ডেস্ক

২০২৫ সালে পাকিস্তানে জঙ্গি সহিংসতা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দেশটিতে সন্ত্রাসী হামলার সংখ্যা বেড়েছে ৩৪ শতাংশ এবং সন্ত্রাসবাদ-সম্পর্কিত মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২১ শতাংশ। পুরো বছরজুড়ে পাকিস্তানে মোট ৬৯৯টি সন্ত্রাসী হামলা রেকর্ড করা হয়েছে।

এই সহিংসতায় কমপক্ষে ১ হাজার ৩৪ জন নিহত এবং ১ হাজার ৩৬৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ইসলামাবাদভিত্তিক পাক ইনস্টিটিউট ফর পিস স্টাডিজ পিআইপিএস প্রকাশিত পাকিস্তান নিরাপত্তা প্রতিবেদন ২০২৫ এ এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত সহিংসতা, জঙ্গি পুনরুত্থান এবং খাইবার পাখতুনখোয়া থেকে বেলুচিস্তান পর্যন্ত জঙ্গি কৌশলের পরিবর্তন পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই পরিস্থিতি দেশের জন্য ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করছে।

তথ্য অনুযায়ী, সহিংসতার বড় বোঝা পড়েছে নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থার ওপর। সন্ত্রাসবাদ-সম্পর্কিত মোট মৃত্যুর ৪২ শতাংশেরও বেশি এই বাহিনীর সদস্যদের। এ সময় প্রাণ হারিয়েছেন ৪৩৭ জন নিরাপত্তা সদস্য।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব পরিসংখ্যান সংঘাতের সম্মুখভাগের বাস্তবতা তুলে ধরে। পাকিস্তানের সেনাবাহিনী, পুলিশ ও আধাসামরিক বাহিনীর ওপর ধারাবাহিক হামলার বিষয়টি এতে স্পষ্ট হয়েছে।

বেসামরিক নাগরিকরাও সহিংসতার বড় ভুক্তভোগী। সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ৩৫৪ জন সাধারণ মানুষ।

এই সময়ের মধ্যে আত্মঘাতী হামলা অথবা সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ২৪৩ জন জঙ্গি নিহত হয়েছে।

পিআইপিএসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মোট সহিংস ঘটনার ৯৫ শতাংশেরও বেশি সংঘটিত হয়েছে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশকে কেন্দ্র করে।

সোর্স: দ্য ডন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights